মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন

নওগাঁর দুই সীমান্তে ৭ জনকে বিএসএফের পুশইনের চেষ্টা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

নওগাঁর দুই সীমান্তে সাতজনকে পুশইনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে সাপাহার উপজেলার সোনাডাঙা এলাকায় নারী পুরুষসহ চারজন এবং পত্নীতলা উপজেলার কড়িয়া সীমান্ত এলাকায় তিনজনকে পুশইনের এ ঘটনা ঘটে।

বর্তমানে সাতজন সীমান্তের শূন্য লাইনে অবস্থান করছেন। সাতজনের মধ্যে একজন নারী এবং বাকি সবাই পুরুষ।

বিজিবি সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৬ অক্টোবর) ভোরে সাপাহার উপজেলার সোনাডাঙ্গা (বিওপি) এলাকা দিয়ে আটিলা বিএসএফ ক্যাম্পের সদস্যরা চারজনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করেন। তাদের মধ্যে তিনজন পুরুষ ও একজন নারী। খবর পেয়ে সোনাডাঙ্গা বিজিবির টহল দল ঘটনাস্থলে পৌঁছে অনুপ্রবেশের চেষ্টা ঠেকিয়ে দেয়।

বর্তমানে ওই চারজন ভারত ও বাংলাদেশের সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ওই এলাকায় বিজিবির অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে এবং স্থানীয় বাসিন্দাদের সহায়তায় সার্বক্ষণিক নজরদারি জোরদার করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন পত্নীতলা ১৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এহসান হাবিব।

তিনি বলেন, সকালে পত্নীতলা উপজেলার কড়িয়া সীমান্ত এলাকায় তিনজনকে পুশইনের চেষ্টা চালায় বিএসএফ। খবর পেয়ে বিজিবির একটি টহল দল সেখানে যায় এবং পুশইন প্রতিহত করে। একইসঙ্গে সাপাহার উপজেলার সোনাডাঙা সীমান্ত এলাকায় ৪ জনকে পুশইনের চেষ্টা করে বিএসএফ। এই চারজন একই পরিবারের বলে জানতে পেরেছি। বর্তমানে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে। তাদেরকে পুশব্যাক করাতে বিএসএফের সঙ্গে আলোচনা চলছে। ওই সাতজন বর্তমানে সীমান্তের শূন্য লাইনে রয়েছেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD