শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন

মাংসে হাড় দেয়া নিয়ে ঝগড়া, ক্রেতার ছুরিকাঘাতে আহত কসাইয়ের মৃত্যু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০২০

নরসিংদী প্রতিনিধি : নরসিংদীর শেখেরচর বাজারে ক্রেতার ছুরিকাঘাতে আহত মাংস বিক্রেতা বাচ্চু মিয়া (৫০) চারদিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে মারা গেছেন। সোমবার (২১ ডিসেম্বর) বিকেলে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে গত শুক্রবার (১৮ ডিসেম্বর ) সকালে ক্রেতার ছুরিকাঘাতের শিকার হন বাচ্চু মিয়া। নিহত বাচ্চু মিয়ার বাড়ি নরসিংদী সদর উপজেলার শেখেরচরে। ঘটনার পরপর অভিযুক্তদের আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে উপস্থিত জনতা।

আটককৃতরা হলেন চরমোনাই, বরিশাল জেলার আঃ হামিদের ছেলে সাইফুল ইসলাম (২০) ও একই এলাকার আঃ আজিজ বেপারীর ছেলে মো. হাসান।

প্রত্যক্ষদর্শী ও পরিবার সূত্রে জানা যায়, গত ১৮ ডিসেম্বর শুক্রবার সকালে দুই ক্রেতা শেখেরচর বাসস্ট্যান্ড সংলগ্ন বাচ্চু মিয়ার দোকানে মাংস কিনতে আসেন। এসময় মাংসে হাড় দেয়া নিয়ে উভয় পক্ষের কথা কাটাকাটি হয়। একসময় তা হাতাহাতিতে পৌঁছালে ক্রেতা হাসান দোকানে থাকা ছুরি নিয়ে বাচ্চু মিয়াকে আঘাত করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় উপস্থিত জনতা হাসান ও সাইফুলকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেয়।

মাধবদী থানার ওসি (তদন্ত) জানান, ঘটনার পরপর উপস্থিত জনতা অভিযুক্তদের আটক করে পুলিশে সোপর্দ করে। পরে তাদেরকে আদালতের মাধ্যমে নরসিংদী জেলা কারাগারে পাঠানো হয়।

লাইট নিউজ

 

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD