রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন

মানবতাবিরোধী অপরাধে মির্জা আজমকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

জুলাই বিপ্লবে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজমকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ আদেশ দেয়।

এদিন প্রসিকিউশনের শুনানি করেন প্রসিকিউটর আব্দুস সাত্তার পালোয়ান। তিনি ট্রাইব্যুনালকে বলেন, গত ৫ নভেম্বর ট্রাইব্যুনাল আজমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আজ রোববার হাজির করতে বলা হয়েছে। কিন্তু তার ঠিকানায় গিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে খুঁজে পায়নি। ফলে মামলার পরবর্তী প্রক্রিয়ার অংশ হিসেবে তাকে আত্মসমর্পণে বিজ্ঞপ্তির আবেদন করছি। এরপর ট্রাইব্যুনাল আবেদন মঞ্জুর করে। একই সঙ্গে ১২ ডিসেম্বর হাজির হতে বলা হয়েছে।

এই মামলায় সাত আসামির ছয়জন গ্রেপ্তার রয়েছেন। তারা হলেন—সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী আমির হোসেন আমু, সাবেক নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী লেফটেন্যান্ট কর্নেল (অব.) ফারুক খান, সাবেক কৃষিমন্ত্রী আবদুর রাজ্জাক, সাবেক মন্ত্রী ডা. দীপু মনি, হাসিনার জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী। রোববার সকালে তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়।

এ বিষয়ে প্রসিকিউটর গাজী এম এইচ তামীম বলেন, জুলাই গণঅভ্যুত্থানের সময় তৎকালীন সরকার রাষ্ট্রীয় নীতি হিসেবে এবং আওয়ামী লীগ ও ১৪ দলীয় জোট রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে আন্দোলন দমন করেছিল। এ মামলার আসামিরা তৎকালীন সরকারের প্রভাবশালী ব্যক্তি হিসেবে এবং নীতিনির্ধারক হিসেবে আন্দোলন দমনে অংশগ্রহণ করেছেন, সহায়তা করেছেন, পরামর্শ দিয়েছেন । এর ফলে জুলাই গণঅভ্যুত্থান চলাকালে ১ হাজার ৪০০ আন্দোলনকারী নিহত ও ২৫ হাজার আন্দোলনকারী আহত হন। এটাই আসামিদের বিরুদ্ধে অভিযোগ।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD