রবিবার, ১৪ জুন ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন

মেয়াদোত্তীর্ণ লাইসেন্স নিয়েই রিজেন্ট হাসপাতালে করোনা চিকিৎসা!

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২০

স্টাফ রিপোর্টার : হাসপাতালের একটি শাখার লাইসেন্সের মেয়াদ শেষ হয়েছে ছয় বছর আগে, আরেকটি শাখার তিন বছর আগে। তা সত্ত্বেও স্বাস্থ্য অধিদফতরের সঙ্গে সমঝোতা চুক্তির মাধ্যমে নভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্তদের চিকিৎসা দেওয়ার অনুমতি পেয়েছিল রিজেন্ট হাসপাতাল। অধিদফতরের পক্ষ থেকে লাইসেন্স নবায়নের তাগিদ দেওয়া হলেও তারা নবায়ন করেনি। বরং সেখানে কোভিড-১৯ রোগীদের চিকিৎসা নিয়েই রয়েছে অভিযোগ। যারা হাসপাতালটিতে গেছেন, তারা বলছেন চিকিৎসার চেয়ে ভোগান্তিই বেশি পোহাতে হয়েছে। করোনা পরীক্ষা থেকে শুরু করে নানা বিষয়ে আছে প্রতারণার অভিযোগ। সরকারি প্রতিষ্ঠানের নমুনা পরীক্ষার ফল জানানোর সনদ জাল করে ফল দেওয়ার অভিযোগও আছে।

অনুসন্ধানে এসব প্রতারণা ও অভিযোগের সত্যতা পাওয়া গেছে। যদি রিজেন্ট হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, কোনো এক প্রতারক চক্র প্রতিষ্ঠানটির নাম ব্যবহার করে এসব প্রতারণা করছে। লাইসেন্সের মেয়াদ না থাকার বিষয়টিও অস্বীকার করছেন হাসপাতালের চেয়ারম্যান।

৬ বছর আগেই লাইসেন্সের মেয়াদ শেষ

খোঁজ নিয়ে জানা যায়, বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের লাইসেন্স আপডেট করা হয়ে থাকে স্বাস্থ্য অধিদফতর থেকে। প্রতিষ্ঠানটিতে খোঁজ নিয়ে জানা যায়, যেকোনো বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের লাইসেন্স দেওয়া হয় একবছরের জন্য। এক্ষেত্রে বছরের যেকোনো সময়েই নেওয়া হোক না কেন, অর্থবছর হিসাব করে ৩০ জুন লাইসেন্সের মেয়াদ শেষ হয়ে যায়।

স্বাস্থ্য অধিদফতর থেকে প্রাওয়া তথ্য অনুযায়ী, ৫০ শয্যার রিজেন্ট হাসপাতালের উত্তরা শাখার (ঠিকানা- বাড়ি#৩৮,রোড#১৭,সেক্টর#১১, উত্তরা, ঢাকা) লাইসেন্স দেওয়া হয় ২০১৩ সালের ৮ ডিসেম্বর। এই হাসপাতালের লাইসেন্সের মেয়াদ শেষ হয় ২০১৪ সালের ৩০ জুন। রক্ত সঞ্চালনা কার্যক্রম ছাড়া এই শাখায় প্যাথলজিক্যাল ল্যাবের লাইসেন্স (নং-৭৮৭৬) দেওয়া হয় ২০১৩ সালের ৮ ডিসেম্বর। এই লাইসেন্সের মেয়াদও শেষ হয় ২০১৪ সালের ৩০ জুন। অর্থাৎ ছয় বছর আগেই রিজেন্ট হাসপাতাল উত্তরা শাখার সব লাইসেন্সের মেয়াদ শেষ হয়ে গেছে।

একইভাবে ২০১৭ সালের ২৩ মার্চ রিজেন্ট হাসপাতালের ৫০ শয্যাবিশিষ্ট মিরপুর শাখার (১৪/১১, মিতি প্লাজা, মিরপুর-১২, ঢাকা) লাইসেন্স দেওয়া হয়, যার মেয়াদ শেষ হয় ২০১৭ সালের ৩০ জুন। অর্থাৎ মিরপুর শাখাটির মেয়াদও শেষ হয়েছে তিন বছর আগে।

এ বিষয়ে জানতে চাইলে স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) ডা. আমিনুল হাসান বলেন, হাসপাতাল কর্তৃপক্ষকে একাধিকবার জানানো হয়েছে। তাদের কাগজপত্র আপডেট করার বিষয়েও জানানো হয়েছে। তবে তাদের কাগজপত্র এখনো আপডেট হয়নি।

লাইসেন্স না থাকলেও একটি হাসপাতাল কিভাবে কোভিড-১৯ চিকিৎসা দেওয়ার জন্য সরকারের সঙ্গে সমঝোতা চুক্তিতে এসেছে— এমন প্রশ্নের উত্তরে ডা. আমিনুল বলেন, প্রথমদিকে আসলে খুব কম হাসপাতালই রাজি হয়েছিল কোভিড রোগীদের চিকিৎসাসেবা দেওয়ার জন্য। রিজেন্ট হাসপাতাল এগিয়ে আসে বলেই তাদের অনুমতি দেওয়া হয়। ওই সময় তাদের লাইসেন্স নবায়ন করে নিতে বলা হয়েছিল। তবে তাদের লাইসেন্স নবায়ন না হওয়ার বিষয়ে আমরা অবগত আছি।

তবে লাইসেন্সের মেয়াদ না থাকার বিষয়টি স্রেফ অস্বীকার করেনে রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো. সাহেদ। তিনি বলেন, লাইসেন্স না থাকলে তো স্বাস্থ্য অধিদফতর আমাদের সঙ্গে সমঝোতা চুক্তি সই করত না। তারা এটা দেখেশুনেই করেছে।

কোভিড-১৯ চিকিৎসায় যেভাবে দৃশ্যপটে রিজেন্ট হাসপাতাল

বাংলাদেশে কোভিড-১৯ পরিস্থিতিতে প্রথম রোগী শনাক্ত হয় ৮ মার্চ। এ সময় সরকারিভাবে তিনটি হাসপাতালে কোভিড-১৯ চিকিৎসা দেওয়ার কথা বলা হয়। পরে রিজেন্ট হাসপাতালের দুইটি শাখা ও সাজেদা ফাউন্ডেশনের সঙ্গে স্বাস্থ্য অধিদফতরের সমঝোতা চুক্তি সই হয় কোভিড রোগীদের চিকিৎসা দেওয়ার বিষয়ে। এই তিনটি হাসপাতালের প্রতিটিতে ৫০ শয্যা করে ১৫০ শয্যা প্রস্তুত রাখার কথা জানানো হয় স্বাস্থ্য অধিদফতর আয়োজিত সংবাদ ব্রিফিংয়েও। বলা হয়, এসব হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হবে। আর চিকিৎসাসেবা চালিয়ে নেওয়ার জন্য এই হাসপাতালগুলোতে সরকারি চিকিৎসকদেরও পদায়ন করা হয়।

গত ২১ মার্চ স্বাস্থ্য অধিদফতরের ডা. মো. আমিনুল হাসানের সই করা এক বিজ্ঞপ্তিতে জরুরি ভিত্তিতে করোনাজনিত জটিলতা মোকাবিলার জন্য বেসরকারি পর্যায়ের হাসপাতালের লোকবল ও এমএসআর প্রদান প্রসঙ্গে প্রয়োজনীয় নির্দেশনার জন্য অনুরোধ করা হয়। এতে জানানো হয়, করোনাজনিত জটিলতা মোকাবিলার জন্য সচিবের নির্দেশে রিজেন্ট হাসপাতাল লিমিটেডের দুইটি হাসপাতাল পরিদর্শন করা হয়। প্রতিটি হাসপাতাল ৫০ শয্যার। প্রতিটিতে তিন বেডের আইসিইউ ও রোগ নির্ণয়ের সুবিধাসহ জনবল আছে। সার্বিক পরিস্থিতি বিশ্লেষণ করে সংযুক্তিতে বর্ণিত তালিকা অনুযায়ী অল্প কিছু লোকবল প্রয়োজন। এমএসআর ও ডায়েটের জন্য কুর্মিটোলা হাসপাতালের বর্ধিত অংশ হিসেবে কুর্মিটোলার কোডের বিপরীতে অর্থ দেওয়া যেতে পারে, যা এর আগে মহানগর ও লালকুঠি মিরপুর হাসপাতালের জন্য করা হয়েছে। জরুরিভিত্তিতে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক এ বিষয়ে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছেন।

ডা. আমিনুল হাসান সার্বিক পরিস্থিতি বিবেচনা করে ২৩ মার্চ আরেক চিঠিতে হাসপাতাল দু’টিতে একজন করে ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন অথবা অ্যানেসথেসিয়া বিভাগের জনবল সংযুক্তির মাধ্যমে প্রয়োজনীয় নির্দেশনার জন্য অনুরোধ করেন।

এরপর ৩০ এপ্রিল অধিদফতরের হাসপাতাল বিভাগের পরিচালককে লেখা চিঠিতে রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো. সাহেদ লিখেন, কোভিড চিকিৎসায় নিয়োজিত হাসপাতালের রোগী, রোগীর চিকিৎসাসেবা প্রদানে নিয়োজিত ডাক্তার, নার্স, ওয়ার্ডবয়সহ অন্যান্য কর্মকর্তাদের খাবারের খরচ বহন করা হাসপাতাল কর্তৃপক্ষের জন্য কষ্টসাধ্য হয়ে পড়েছে। সামগ্রিক বিষয় বিবেচনা করে তিনি সরকারের পক্ষ থেকে সবার খাবারের খরচ বহন করার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করেন চিঠিতে। এ চিঠির পরিপ্রেক্ষিতে অধিদফতরের হাসপাতাল বিভাগের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের চিঠি দেওয়া হয়।

১২ মে রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যানের সই করা আরেক চিঠিতে কোভিড ডেডিকেটেড হাসপাতাল হিসেবে তারা সরকারের কাছ থেকে পূর্ণ সহযোগিতা পাচ্ছেন বলে জানানো হয়। চিঠিতে বিনামূল্যে চিকিৎসা দেওয়ার কথা উল্লেখ করে রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান লিখেন, এরই মধ্যে সরকারের পক্ষ থেকে ১১ জন ডাক্তার ও ৯ জন নার্স আমি পেয়েছি। আইসিইউ বা ক্রিটিকাল কেয়ার ইউনিটের জন্য আমাদের আরও ২০ জন ডাক্তার ও ৩৯তম বিসিএসে সদ্য যোগ দেওয়া মেডিক্যাল অফিসারদের মধ্যে থেকে ১৫ জন মেডিক্যাল অফিসার প্রয়োজন। আরও ১৫ জন নার্স প্রয়োজন। সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা দিয়ে যাচ্ছেন উল্লেখ করে চিকিৎসকদের আবাসন ও খাবারের বিষয়টি সরকারকে নিশ্চিত করার জন্য অনুরোধ জানানো হয় চিঠিতে। বিকল্প হিসেবে কুয়েত মৈত্রী হাসপাতালের সঙ্গে এর ব্যয়ভার সংযোজন করার অনুরোধ জানান তিনি।

তবে এর ৪ দিন পরই ১৬ মে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) বরাবর লেখা এক চিঠিতে সরকারিভাবে পাঠানো চিকিৎসকদের হাসপাতাল থেকে প্রত্যাহারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান মো. সাহেদ।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD