যুক্তরাষ্ট্র ও ইরানের মাঝে চলমান যুদ্ধবিরতির মধ্যেই মধ্যপ্রাচ্যে পৌঁছেছে তৃতীয় মার্কিন বিমানবাহী রণতরি ইউএসএস জর্জ এইচ ডব্লিউ বুশ। রণতরিটি যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) দায়িত্বপূর্ণ এলাকায় প্রবেশ করেছে।
শুক্রবার (২৪ এপ্রিল) মার্কিন সেন্ট্রাল কমান্ডের বরাতে টাইমস অব ইসরায়েলের এ তথ্য জানিয়েছে।
সেন্টকম সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে রণতরির একটি ছবি শেয়ার করেছে। এতে দেখা যায়, নিমিটজ শ্রেণির এই সুপারক্যারিয়ারটি ভারত মহাসাগরে চলাচল করছে।
মধ্যপ্রাচ্যে আগে থেকে থাকা মার্কিন জাহাজগুলোর সঙ্গে এই রণতরিটি যোগ দেবে, নাকি কোনো একটি জাহাজের পরিবর্তে আসছে; তা এখনো স্পষ্ট নয়।
এর আগে সেন্টকম জানায়, বিশ্বের বৃহত্তম বিমানবাহী রণতরি ইউএসএস জেরাল্ড আর ফোর্ড বর্তমানে লোহিত সাগরে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এটি যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরের অধীনে সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিত করতে সহায়তা করবে।
ইউএস নেভাল ইনস্টিটিউটের মতে, অপর দুটি বিমানবাহী রণতরি, ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড এবং ইউএসএস আব্রাহাম লিঙ্কন, যথাক্রমে লোহিত সাগর ও আরব সাগরে মোতায়েন রয়েছে।