ভোটের ফলাফল পাল্টে দেওয়ার অভিযোগ নিয়ে রিটার্নিং অফিসারের কার্যালয়ে নাসিরুদ্দীন পাটওয়ারীর অবস্থানের পর সেখানে গেলেন তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপি নেতা মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস।
বৃহস্পতিবার রাত পৌনে ১১টার দিকে ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা শরফ উদ্দিন আহমদ চৌধুরীর কার্যালয়ে যান আফরোজা আব্বাস।
এর আগে রাত সাড়ে ৮টার দিকে যান এনসিপি নেতা নাসিরুদ্দীন পাটওয়ারী। ঘণ্টা দুই সেখানে অবস্থান করে বের হয়ে যান। এসময় সাংবাদিকদের সঙ্গে কথাও বলেননি পাটওয়ারী।
তার চলে যাওয়ার কিছুক্ষণ পরই রিটার্নিং অফিসারের কার্যলয়ে যান আফরোজা আব্বাস।
তার আগমনের ব্যাপারে ঢাকা রিটার্নিং অফিসারের কার্যালয়ের এক কর্মকর্তা গণমাধ্যমে বলেন, ‘পাটওয়ারীর অভিযোগের বিষয়ে স্যার (শরফ উদ্দিন আহমদ চৌধুরী) জানতে চেয়েছিলেন। এর জবাব দিতেই তিনি (আফরোজা আব্বাস) এখানে এসেছেন।’
মির্জা আব্বাসের স্ত্রীর রিটার্নিং অফিসারের কার্যালয়ে আসার খবর পেয়ে কয়েকশ নেতাকর্মী বাইরে মিছিল করেন।