বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন

শিশু সন্তানকে পুকুরে ফেলে নাটক সাজান মা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৯ আগস্ট, ২০২১

ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় সন্তান জন্মের ২২ দিন পার হলেও বুকে দুধ আসছিল না বলে মানসিক অবসাদে ভুগছিলেন সাবিকুন্নাহার। এ অবসাদ থেকেই শিশুটিকে পানিতে ফেলে মেরে ফেলেন তিনি। এরপর ‘সাদা কাপড় পরে দুই নারী এসে ছেলেকে নিয়ে গেছে’ বলে নাটক সাজান মা।

ময়মনসিংহের তারাকান্দায় ২২ দিনের নবজাতক নিখোঁজ হওয়ার সংবাদ ছড়িয়ে পড়লে পুলিশের কাছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে এমন রূপকথার গল্প শোনান মা সাবিকুন্নাহার। তবে শেষ রক্ষা হয়নি তার। শনিবার (৭ আগস্ট) বিকেলে বাড়ির পাশের পুকুর থেকে শিশুটির মরদেহ উদ্ধারের পর রোববার (৮ আগস্ট) দুপুর পর্যন্ত পুলিশের জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে আসল ঘটনা।

পুলিশ জানায়, সন্তান জন্মের ২২ দিন হলেও বুকে দুধ না আসায় খাওয়াতে পারেননি মা সাবিকুন্নাহার। নাতিকে বেশিরভাগ সময় নিজেদের কাছেই রাখতেন দাদা-দাদি, দেখাশোনাও তারাই করতেন। সন্তানকে বুকের দুধ না খাওয়াতে পারা ও আদর করতে না পাওয়ার হতাশা থেকেই রাতের অন্ধকারে সন্তানকে পুকুরে ফেলে দেন তিনি। স্বামী হুমায়ুন মিয়ার করা মামলায় রোববার (৮ আগস্ট) বিকেলে নবজাতক হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন সাবিকুন্নাহার।

তারাকান্দা থানার ওসি আবুল খায়ের বলেন, নিজের সন্তানকে হত্যার দায় স্বীকার করার পর আদালতের নির্দেশে সাবিকুন্নাহারকে কারাগারে পাঠানো হয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD