পটুয়াখালীর বাউফলে শ্বশুরবাড়ি থেকে মো. অলিউল্লাহ (২৮) নামে এক তরুণের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল ৯টার দিকে পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর ইউনিয়নের নিমদী তাঁতেরকাঠি আ. আলী মোল্লার বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়।
মৃত অলিউল্লাহ উপজেলা সদর ইউনিয়নের দক্ষিণ বিলবিলাস গ্রামের গোঞ্জর আলী হাওলাদার বাড়ির কালাম হাওলাদারের ছেলে। অলিউল্লাহর তামিম নামের তিন বছরের একটি ছেলে রয়েছে।
মৃতের চাচা আনোয়ার হাওলাদার বলেন, অলিউল্লাহ বিএ পাস করে একটি কোম্পানিতে চাকরি করতেন। কয়েক দিন আগে চাকরি ছেড়ে দিয়ে বাড়ি এসে দিনমজুরের কাজ শুরু করেন। এরপর কাজের সন্ধানে মা বাবার সঙ্গে চলে যান ঢাকায়।
ঈদের আগের দিন শ্বশুরবাড়ি বেড়াতে যান অলিউল্লাহ, সকাল সাড়ে ৮টার দিকে আমাদের মোবাইল ফোনে বিষয়টি জানানো হয় এবং সঙ্গে সঙ্গে আমরা অলিউল্লাহর শ্বশুরবাড়ি গিয়ে গামছা দিয়ে সিলিংফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই। পরে পুলিশকে খবর দিই, তারা এসে অলিউল্লাহর লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এ ব্যাপারে অলিউল্লাহর শ্বশুর ইসমাইল মোল্লা ও শাশুড়ি শাহিদা বেগম বলেন, আমরা জামাইসহ সবাই রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ি। এরপর কী হয়েছে আমরা কিছুই জানি না। সকালে ঘুম থেকে উঠে জামাইয়ের ঝুলন্ত লাশ দেখতে পাই।
বাউফল থানার ওসি এটিএম আরিসুল হক বলেন, লাশ উদ্ধার করে পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।