বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন

সড়ক দুর্ঘটনায় পুলিশ কর্মকর্তার মৃত্যু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ মার্চ, ২০২৩

রংপুরের হারাগাছে সড়ক দুর্ঘটনায় আহত জাহাঙ্গীর আলম নামে পুলিশের এক সহকারী উপপরিদর্শক (এএসআই) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। দুর্ঘটনার তিন দিন পর বৃহস্পতিবার (২ মার্চ) দুপুর ২টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ২৭ ফেব্রুয়ারি রাত ৮টার দিকে লালমনিরহাট থেকে ফেরার পথে কাউনিয়ার হারাগাছ সড়কের বানুপাড়া এলাকায় এতিমখানার সামনে একটি অজ্ঞাত গাড়ির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হন জাহাঙ্গীর আলম। এ সময় তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে হারাগাছ ৩১ শয্যা হাসপাতালে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন।

ওই রাতেই জাহাঙ্গীর আলমকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তিন দিন পর বৃহস্পতিবার দুপুর ২টার দিকে তিনি মারা যান। জাহাঙ্গীর আলম রংপুর নগরীর রাধাবল্লভ এলাকার এনায়েত উল্লাহ ছেলে। লালমনিরহাট পুলিশ লাইন্স থেকে সম্প্রতি তার লালমনিরহাট সদর থানায় পোস্টিং হয়েছে।

রংপুর মেট্রোপলিটন পুলিশের হারাগাছ থানার উপপরিদর্শক (এসআই) কমল মোহন্ত বলেন, হারাগাছ-রংপুর সড়কে রাতে ড্রাম ট্রাক, ট্রাক্টরসহ বিভিন্ন ভারী যানবাহন চলাচল করে। বেপরোয়া গতিতে চলাচল করা অজ্ঞাত গাড়ির ধাক্কায় পুলিশ কর্মকর্তা জাহাঙ্গীর আহত হয়েছিলেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

হারাগাছ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, এ ঘটনায় সড়ক পরিবহন আইনে একটি মামলা হয়েছে। ঘাতক গাড়ি ও চালককে আটকের চেষ্টা চলছে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বেপরোয়া গতির গাড়ি জাহাঙ্গীরের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়।

কোতোয়ালি থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) হোসেন আলী বলেন, ময়নাতদন্ত শেষে পুলিশ কর্মকর্তা জাহাঙ্গীরের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD