শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন

সিগারেটের আগুনে পুড়লো সুন্দরবন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৮ ফেব্রুয়ারী, ২০২১

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের ধানসাগর টহল ফাঁড়ির কাছে ২৭ নম্বর কর্ম্পাটমেন্টের বনে আগুন লেগেছে। আজ সোমবার সকালে লাগা এই আগুন বন বিভাগ ও শরণখোলা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও ভিটিআরসিসহ লোকালয়ের লোকজন বিকেল পাঁচটায় সম্পূর্ণ নিয়ন্ত্রণে এনেছে বলে দাবি করেছে সুন্দরবন বিভাগ। আগুন নিয়ন্ত্রণে আসার আগেই পুড়ে গেছে বনের চার শতক জমির বলাগাছ ও লতাগুল্ম। ভোলা নদী থেকে প্রায় ৫‘শ মিটার সুন্দরবনের গহীনে এই আগুনের সূত্রপাত সিগারেটের আগুন থেকে বলে প্রাথমিকভাবে ধারণা করছে সুন্দরবন বিভাগ।

এদিকে এই আগুন লাগার ঘটনায় চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) এনামুল হককে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির অপর দুই সদস্য হলেন চাঁদপাই রেঞ্জের স্টেশন কর্মকর্তা অসিত কুমার রায় ও চাঁদপাই রেঞ্জের ফরেস্ট রেঞ্জার ওবায়দুর রহমান। তদন্ত কমিটিকে ৭ কর্মদিবসের মধ্যে বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের ডিএফও’র কাছে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

বাগেরহাটের পূর্ব সুন্দরবনে চাঁদপাই রেঞ্জের ধানসাগর টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বেল্লাল হোসেন বলেন, সোমবার দুপুর একটার দিকে তারা বনে আগুন লাগার খবর পান। দুপুরে লোকালয়ের লোকজন সুন্দরবনের মধ্যে আগুনের ধোয়া উড়তে দেখে বন বিভাগকে খবর দেয়। এরপর চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) এনামুল হক দ্রুত ঘটনাস্থলে এসে বনকর্মীদের নিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এরপরপরই শরণখোলা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা এম আব্দুল ওয়াদুদের নেতৃত্বে ২০ সদস্যের টিম ঘটনাস্থলে আসেন। প্রায় ৫‘শ মিটার দূরত্বের ভোলা নদী থেকে পাইপের মাধ্যমে পানি এনে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মুহাম্মদ বেলায়েত হোসেন বলেন, বন বিভাগ ও শরণখোলা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও ভিটিআরসিসহ লোকালয়ের লোকজন বিকেল পাঁচটায় নিয়ন্ত্রণে এনেছে। স্থানীয় কয়েকজন যুবক ওই স্থানে বসে তাস খেলার সময় তাদের সিগারেটের আগুন থেকে এই আগুনের সূত্রপাত হতে পারে বলে তিনি জানান। আগুন লাগা এলাকা ঘিরে প্রায় ৮ শতক এলাকা নিয়ে মাটি কেটে লইন অফ ফায়ার তৈরি করা হয়েছে। যাতে করে আগুন গাছের শিকড় মরে মাটির নিচে তৈরি হওয়া মিথেন গ্যাস বেয়ে বনে ছড়িয়ে পড়তে না পারে। আগুন নিয়ন্ত্রণে আসলেও আগামী ২৪ ঘণ্টা এই এলাকাকে নজরদারিতে রাখবে বন বিভাগ।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD