রাজধানীর মোহাম্মদপুরে গভীর রাতে সেনাবাহিনী ও র্যাবের পোশাক পরে সংঘবদ্ধ ডাকাতির ঘটনায় ছয়জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
গ্রেফতারকৃতরা হলেন— জাকির হোসেন ওরফে জিন জাকির (৩৬), শরিফুল ইসলাম তুষার (৩৪), মাসুদুর রহমান (৪২), আরিফুল ইসলাম তরফদার (৩০), জাহিদ হাসান (৩৫) এবং আব্দুস সালাম (৫০)।
সোমবার (১৪ অক্টোবর) পুলিশ তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে। তদন্তকারী কর্মকর্তা, ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রাশেদুল ইসলাম, তাদের দশ দিনের রিমান্ডের আবেদন করেন। শুনানি শেষে, ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোশাররফ হোসেন তাদের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
রোববার (১৩ অক্টোবর) রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে দুই লাখ বিশ হাজার টাকা, প্রায় চার ভরি স্বর্ণালংকার ও দুটি আইফোন উদ্ধার করা হয়।
এর আগে, শনিবার (১২ অক্টোবর) গভীর রাতে মোহাম্মদপুরে সেনা ও র্যাবের পোশাক পরা ডাকাত দলের সদস্যরা একটি বাসা থেকে সাড়ে ৭৫ লাখ টাকা ও ৬০ ভরি স্বর্ণালংকার লুট করে। এ ঘটনায় বাড়ির মালিক ব্যবসায়ী আবু বক্কর মোহাম্মদপুর থানায় মামলা দায়ের করেন।