শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৩ অপরাহ্ন

সৌদি প্রবাসীদের জন্য বাংলাদেশ দূতাবাসের জরুরি বার্তা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬

সৌদি আরবে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের ই-পাসপোর্ট সেবা প্রদান নিয়ে নতুন বার্তা দিয়েছে রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাস। প্রবাসীদের আবেদনের তথ্য যাচাই-বাছাই ও প্রয়োজনীয় প্রাতিষ্ঠানিক প্রক্রিয়াকরণের কারণে ই-পাসপোর্ট হাতে পেতে কিছুটা অতিরিক্ত সময় লাগতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

গত বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এই সার্বিক পরিস্থিতির কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাম্প্রতিক সময়ে প্রবাসীদের মাঝে ই-পাসপোর্টের চাহিদা ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। পূর্বে যেখানে প্রতি মাসে গড়ে গড়ে প্রায় ১১ হাজার পাসপোর্টের বায়োমেট্রিক বা এনরোলমেন্ট সম্পাদন করা হতো, সেখানে দূতাবাসের বিশেষ উদ্যোগে গত দেড় মাসে ৬৫ হাজারের বেশি আবেদনের বায়োমেট্রিক গ্রহণ করা হয়েছে।

হালনাগাদ তথ্যানুযায়ী, সংগৃহীত আবেদনগুলোর মধ্যে ইতিমধ্যে ১৫ হাজার ৪৩৪টি প্রস্তুতকৃত পাসপোর্ট আবেদনকারীদের কাছে বিতরণ করা হয়েছে। এ ছাড়া ২৫ হাজার ৪৬৭টি পাসপোর্ট বর্তমানে মুদ্রণ (প্রিন্টিং) পর্যায়ে রয়েছে এবং ২১ হাজার ৬৭৮টি আবেদনের আঙুলের ছাপ গ্রহণ-পরবর্তী প্রয়োজনীয় কার্যক্রম চলমান। পাশাপাশি দাম্মাম অঞ্চলে পরিচালিত ৯ দিনব্যাপী বিশেষ সেবা ক্যাম্পে আরও ১৫ হাজার ২০০টি আবেদনের বায়োমেট্রিক গ্রহণের কাজ চলছে।

পাসপোর্ট প্রদানে বিলম্বের মূল কারণ হিসেবে দূতাবাস জানিয়েছে, অনেক আবেদনে ভুল তথ্য প্রদান, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) কিংবা অনলাইন জন্ম নিবন্ধনের তথ্যের সঙ্গে গরমিল এবং একাধিক পাসপোর্ট থাকার জটিলতা পাওয়া যাচ্ছে। এসব প্রশাসনিক ও প্রযুক্তিগত অসংগতি যাচাই করতে গিয়ে প্রক্রিয়াটি কিছুটা সময়সাপেক্ষ হয়ে দাঁড়িয়েছে।

এ উদ্ভূত পরিস্থিতিতে প্রবাসী নাগরিকদের ধৈর্য ধারণ করার অনুরোধ জানিয়েছে রিয়াদ দূতাবাস। একই সঙ্গে পাসপোর্ট প্রদান সেবা আরও দ্রুত ও সহজতর করতে দূতাবাসের পক্ষ থেকে সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলেও বিজ্ঞপ্তিতে আশ্বস্ত করা হয়।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD