ডেস্ক রিপোর্ট : মার্কিন যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার অ্যাকাউন্ট স্থায়ীভাবে বন্ধ করে দিয়েছে টুইটার কর্তৃপক্ষ। শুক্রবার (৮ জানুয়ারি) টুইটার কর্তৃপক্ষ জানিয়েছে, আরও বেশি সহিংসতার উস্কানি দেয়ার ‘আশঙ্কা’ থেকে এমন ব্যবস্থা নিয়েছেন তারা।
ডোনাল্ড ট্রাম্পের টুইটার অ্যাকাউন্টে ৮ কোটি ৮০ লাখ ফলোয়ার ছিল। বুধবার ওয়াশিংটন ডিসির ক্যাপিটাল ভবনে ট্রাম্প সমর্থক উগ্র শ্বেতাঙ্গ দাঙ্গাবাজদের নজিরবিহীন হামলার ঘটনার পর ১২ ঘণ্টার জন্য ট্রাম্পের টুইটার অ্যাকাউন্ট বন্ধ করে দেয়া হয়। বিশ্বের জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার প্ল্যাটফর্ম ব্যবহারের মাধ্যমে ওই সকল দাঙ্গাবাজদের উদ্দেশে ট্রাম্পের উস্কানিমূলক বক্তব্যের পর ক্যাপিটাল ভবনে হামলা চালায় তারা এবং এ ঘটনায় একজন নারী ও এক পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত হন।
টুইটার কর্তৃপক্ষ এক টুইটে বলছে, ডোনাল্ড ট্রাম্পের অ্যাকাউন্ট থেকে পোস্ট করা সাম্প্রতিক পোস্টগুলো গভীরভাবে পর্যবেক্ষণের পর স্থায়ীভাবে বন্ধ করে দেয়া হয়েছে তার অ্যাকাউন্টটি। ফের দাঙ্গায় উস্কানি দেয়া হতে পারে এমন আশঙ্কায় এ ব্যবস্থা নেয়া হয়েছে বলেও উল্লেখ করা হয়েছে ওই টুইটে।
প্রসঙ্গত, বুধবার (৬ জানুয়ারি) ওয়াশিংটনের ক্যাপিটল ভবনে মার্কিন সিনেট এবং প্রতিনিধি পরিষদের যৌথ অধিবেশন বসে। সেখানে সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের বিজয় নিশ্চিত করার জন্য ইলেক্টরাল ভোটের আনুষ্ঠানিক গণনা করা হয়। ঠিক সেই সময় ট্রাম্প সমর্থকরা মার্কিন কংগ্রেসে হামলা চালায়। এছাড়াও ট্রাম্প সমর্থকরা সেই সময় ক্যাপিটল ভবনে অনেক ভাংচুর এবং লুটপাট করে। আর এ ঘটনাকে সমর্থন জানিয়ে ট্রাম্প নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার ও ফেসবুকে পোস্ট দেন। পোস্টে দাঙ্গাকারীদের ‘দেশপ্রেমিক’ বলে অভিহিত করেন তিনি।
সূত্র : আরটিভি অনলাইন।
আরও পড়ুন :
নারায়ণগঞ্জের বন্দরে পারটেক্সের কারখানায় আগুন
সিনোভ্যাকের টিকা ‘হালাল’ ঘোষণা ইন্দোনেশিয়ার উলামা কাউন্সিলের
সংঘবদ্ধ হয়ে অপরাধ ঘটাচ্ছে কিশোর গ্যাংরা
দেশে আটকেপড়া প্রবাসীদের আমিরাতে ফিরতে হবে ৩১ মার্চের মধ্যে