বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন

স্বর্ণের বার আত্মসাত, ডিবির ওসিসহ গ্রেপ্তার ৬ পুলিশ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১১ আগস্ট, ২০২১

ডেস্ক রিপোর্ট : ফেনীতে চট্টগ্রামের এক স্বর্ণ ব্যবসায়ীর কাছ থেকে ২০টি সোনার বার নিয়ে তা আত্মসাতের অভিযোগে জেলা ডিবি পুলিশের ওসি সাইফুল ইসলামসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে ১৫টি সোনার বার উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১০ আগস্ট) তাদের গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে ফেনী মডেল থানায় ডাকাতি মামলা করেছেন স্বর্ণ ব্যবসায়ী গোপালকান্তি দাস।

গ্রেপ্তারকৃতরা হলেন, ফেনীর জেলা গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক (ওসি) সাইফুল ইসলাম ভূঁইয়া, এসআই মো. মোতাহার হোসেন (পিপিএম), এসআই মো. মিজানুর রহমান, এসআই নুরুল হক, এএসআই অভিজিত বড়ুয়া ও এএসআই মাসুদ রানা।

ফেনীর পুলিশ সুপার খন্দকার নুরুন্নবী জানান, গত রোববার বিকেলে চট্টগ্রাম থেকে ঢাকায় যাচ্ছিলেন স্বর্ণ ব্যবসায়ী গোপাল কান্তি। ফেনীর ফতেহপুর রেলক্রসিং এলাকায় পৌঁছালে ডিবি পুলিশের ওই সদস্যরা তার গাড়ি থামান। এ সময় তার কাছে থাকা ২০টি সোনার বার নিয়ে যান তারা।

তিনি আরও জানান, এ ঘটনার পর গোপাল কান্তি তার কাছে লিখিত অভিযোগ দেন। পরে ৪ জনকে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়। তাদের দেয়া তথ্যে অন্য ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বাকি ৫টি সোনার বার উদ্ধারের চেষ্টা চলছে জানিয়ে এসপি বলেন, সোনার বারগুলো বৈধ না অবৈধ তা তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে বলা যাবে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD