ইরানের পার্লামেন্টের উপ-স্পিকার আলি নিকজাদ দাবি করেছেন হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ করা তাদের প্রাকৃতিক অধিকার। গুরুত্বপূর্ণ এ সামুদ্রিক রুটটি তার আগের অবস্থানে আর ফিরে যাবে না বলেও মন্তব্য করেন তিনি।
শুক্রবার (১ মে) বার্তাসংস্থা তাসনিম নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। উপ-স্পিকার বলেছেন, “হরমুজ প্রণালি কোনো আন্তর্জাতিক জলপথ নয়। এটি ইরানের অধিকার। আর আমরা আমাদের এই বৈধ অধিকারের প্রতি দৃঢ় থেকে দৃঢ় প্রতিজ্ঞ।”
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ হামলা চালায় দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এরপর টানা ৪০ দিন যুদ্ধ চলে। যুদ্ধের একেবারে শুরুতেই হরমুজ বন্ধ করে দেয় ইরান। এখান থেকে বিশ্বের ২০ শতাংশ জ্বালানি পরিবহন হতো। ফলে ইরান যখন এটি বন্ধ করে দিলো তখন বিশ্বব্যাপী জ্বালানির সংকট ও দাম বেড়ে যায়।
যুদ্ধে মধ্যপ্রাচ্যের উপসাগরীয় আরব দেশগুলোও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। ইরান প্রথমে দেশগুলোতে থাকা মার্কিন অবকাঠামোকে টার্গেট করে। এরপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যখন জ্বালানি অবকাঠামোতে হামলা শুরু করে তখন ইরান পাল্টা হামলা হিসেবে আরব দেশগুলোর অবকাঠামোতে হামলা করে।
এমন হামলা ও পাল্টা হামলার মধ্যে গত ৮ এপ্রিল পাকিস্তানের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে রাজি হয় ইরান ও যুক্তরাষ্ট্র। যা এখনো চলছে।
সূত্র: আলজাজিরা