খাগড়াছড়ি প্রতিনিধি : হেফাজতের বিরুদ্ধে সরকার মামলা করেনি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এমপি। মামলা যারা করেছেন তারাই সিদ্ধান্ত নিবেন মামলা প্রত্যাহার করবেন কিনা। এখানে সরকারের কিছুই করার নেই।
আজ বৃহস্পতিবার খাগড়াছড়িতে ই-পাসপোর্ট কার্যক্রম উদ্বোধন শেষে সাংবাদিকদের একথা জানান মন্ত্রী। এ সময় তিনি আরও বলেন, বিচার বিভাগ স্বাধীন। বিচার বিভাগ তার নিজস্ব গতিতে চলবে। এ ব্যপারে বিচার বিভাগ সিদ্ধান্ত নেবে।

মৌলবাদী শক্তি কর্তৃক সারাদেশে ভাস্কর্য ভাঙচুর করা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এমপি বলেন, ‘ভাস্কর্য পাহাড়ার জন্য হাইকোর্ট থেকে নির্দেশনা এসেছে। শুধু বঙ্গবন্ধুর ভাস্কর্য নয়; বাগা যতীনের ভাস্কর্য ভাঙচুর করা হয়েছে। আমরা মনে করি এগুলো বাংলাদেশের কৃষ্টি। বাংলাদেশের সম্পদ। এগুলো সুরক্ষার দায়িত্ব সবার। জনগণেরও এখানে দায়িত্ব রয়েছে।’
এর আগে খাগড়াছড়ি থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাঙ্গামাটি, বান্দরবান, কক্সবাজার, নারায়ণগঞ্জ, চাঁদপুর জেলায় ই-পাসপোর্ট কার্যক্রমের উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

খাগড়াছড়ি আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, শরণার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি, খাগড়াছড়ির সংরক্ষিত আসনের এমপি বাসন্তি চাকমা, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহা-পরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আইয়ুব চৌধুরী, সুরক্ষা সেবা বিভাগের সচিব মো. শহীদুজ্জামান ও প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাইদুর রহমান।