শনিবার, ২৭ জুন ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন

১২ দিনেই ১ বিলিয়ন ডলার রেমিটেন্স

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ নভেম্বর, ২০২০

করোনাভাইরাস মহামারীর মধ্যেও প্রবাসী আয় বেড়েই চলেছে। চলতি নভেম্বর মাসের প্রথম ১২ দিনে প্রবাসীরা ১০০ কোটি ডলার বা ১ বিলিয়ন ডলারের বেশি রেমিটেন্স পাঠিয়েছেন। অর্থ মন্ত্রণালয় থেকে সোমবার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের ইতিহাসে এটি একটি বিরল ঘটনা। দেশের ইতিহাসে একক মাসের মাত্র ১২ দিনে এর আগে কখনও এত রেমিটেন্স আসেনি। চলতি ২০২০-২১ অর্থবছরে জুলাই থেকে ১২ নভেম্বর পর্যন্ত রেমিটেন্স এসেছে ৯ দশমিক ৮৯১ বিলিয়ন ডলার; যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ৪৩ দশমিক ৪২ শতাংশ বেশি।

প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, কোভিড-১৯ এর প্রভাবে সারাবিশ্বের অর্থনীতিই সংকটে পড়েছে। এ সময়ে আমাদের রেমিটেন্স যোদ্ধারা কষ্ট করে অর্থ পাঠিয়ে আমাদের অর্থনীতিকে গতিশীল রাখতে চালকের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন।

অর্থমন্ত্রী বলেন, ২০১৯-২০ অর্থবছরের বাজেটে বিদেশ থেকে বৈধপথে রেমিটেন্স পাঠালে ২ শতাংশ নগদ প্রণোদনা দেয়া হবে বলে ঘোষণা দেয়া হয়েছিল। এর পরপরই রেমিটেন্স পাঠানো বাড়তে শুরু করলে অনেকেই বলতে শুরু করলেন এগুলো ঠিক নয়, থাকবে না, টেকসই নয়। কিন্তু প্রণোদনা ঘোষণার পর থেকে আজ পর্যন্ত রেমিটেন্স প্রবৃদ্ধির যে প্রবাহ, তাতে তাদের ভবিষ্যদ্বাণী ভুল প্রমাণিত হয়েছে এবং আমরা যে সঠিক ছিলাম আরও একবার তা প্রমাণিত হল। গড়ে প্রতি মাসে ২ বিলিয়ন মার্কিন ডলারের ওপরে প্রবাসী আয় অর্জন ইতিহাসে একটি বিরল ঘটনা বলে মন্তব্য করেন তিনি।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD