২০২৭ সালে দুই ঈদেই টানা ছুটি পাবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রকাশিত ছুটির তালিকা অনুযায়ী, ঈদুল ফিতরে মোট পাঁচ দিন ছুটি থাকবে। ঈদুল আজহায় ছুটি থাকবে মোট ছয় দিন।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় ২০২৭ সালের সরকারি ছুটির প্রজ্ঞাপন জারি করেছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ঈদুল ফিতরের দিন সাধারণ ছুটি থাকবে। এর আগে দুই দিন ও পরে দুই দিন নির্বাহী আদেশে ছুটি দেওয়া হয়েছে। সব মিলিয়ে ঈদুল ফিতরে টানা পাঁচ দিনের ছুটি পাওয়া যাবে।
ঈদুল আজহার দিনও থাকবে সাধারণ ছুটি। এর আগে দুই দিন ও পরে তিন দিন নির্বাহী আদেশে ছুটি থাকবে। ফলে ঈদুল আজহায় টানা ছয় দিন ছুটি মিলবে।
দুই ঈদ মিলিয়ে আগামী বছর মোট ১১ দিন ছুটি উপভোগ করবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।
২০২৭ সালের ঈদুল ফিতর চাঁদ দেখা সাপেক্ষে হতে পারে ১০ মার্চ, বুধবার। ঈদুল আজহা হতে পারে ১৭ মে, সোমবার। তবে চাঁদ দেখার ওপর নির্ভর করে তারিখ বদলাতে পারে।
২০২৭ সালে সাধারণ ও নির্বাহী আদেশ মিলিয়ে ছুটি থাকবে মোট ২৯ দিন। এর মধ্যে সাধারণ ছুটি ১৫ দিন এবং নির্বাহী আদেশে ছুটি ১৪ দিন।
এসব ছুটির সাত দিন পড়েছে সাপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবারে। শারদীয় দুর্গাপূজায় ছুটি থাকবে দুই দিন। এর মধ্যে বিজয়া দশমীর দিন সাধারণ ছুটি। মহানবমীর দিন নির্বাহী আদেশে ছুটি।