রবিবার, ২৮ জুন ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন

৪৩তম বিসিএসে ২০৬৪ জনের নিয়োগ, ৯৯ জনের ফল স্থগিত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪

৪৩তম বিসিএসের নিয়োগের প্রজ্ঞাপন প্রকাশ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এতে বর্তমানে ২ হাজার ৬৪ জনকে নিয়োগ দেওয়া হচ্ছে, তবে ৯৯ জনের ফল স্থগিত রয়েছে। মঙ্গলবার (১৫ অক্টোবর) রাতে মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। তবে ৯৯ জনের ফল স্থগিত হওয়ার বিষয়ে মন্তব্য করতে রাজি হননি জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

২০২৩ সালের ২৬ ডিসেম্বর ৪৩তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ করেছিল পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি)। তখন ২ হাজার ১৬৩ জনকে ক্যাডার এবং ৬৪২ জনকে নন-ক্যাডারসহ মোট ২ হাজার ৮০৫ জন প্রার্থী নিয়োগের সুপারিশ করা হয়েছিল।

তবে গত ৫ আগস্ট সরকারের পতনের পর সুপারিশকৃত ২৫৫ জনের বিষয় পুনরায় যাচাই-বাছাই শুরু করে অন্তর্বর্তী সরকার।

যাচাই চলাকালে জনপ্রশাসন মন্ত্রণালয় জানায়, পরিবর্তিত পরিস্থিতির কারণে আরও যাচাইয়ের জন্য ২৫৫ জনের গোয়েন্দা প্রতিবেদন বিশেষ শাখায় পাঠানো হয়েছে। মেডিকেল পরীক্ষা ও গোয়েন্দা প্রতিবেদন পাওয়ার পর বিজ্ঞপ্তি দেওয়া হবে।

২০২০ সালের ৩০ নভেম্বর ৪৩তম বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ হয়।

২০২১ সালের ২৯ অক্টোবর আটটি বিভাগের বিভিন্ন কেন্দ্রে বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়, যেখানে ৪ লাখ ৩৫ হাজারেরও বেশি প্রার্থী অংশ নেয়। এর ফল প্রকাশিত হয় ২০২২ সালের ২০ জানুয়ারি, যাতে ১৫ হাজার ২২০ জন উত্তীর্ণ হন।

একই বছরের জুলাইয়ে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়, যেখানে ৯ হাজার ৮৪১ জন কৃতকার্য হন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD