শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন

শিরোনাম :
৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির সব ছাত্রী পাবে উপবৃত্তি, ব্যাংক হিসাব খোলার নির্দেশ সৌদি আরবে ১৩ পদে বাংলাদেশি কর্মী নেওয়ার বিজ্ঞাপন নড়াইলে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলার খবর ‘মিথ্যা’: পুলিশ সদর দপ্তর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে বিএনপির র‍্যালি সৌদি জোটের হামলায় ইয়েমেনে নিহত ৪১ প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন মার্কিন অবরোধ ভাঙতে খার্গ দ্বীপে প্রস্তুত ইরানের ১৪ তেলবাহী ট্যাংকার সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা মুক্তিযোদ্ধাদের সম্মানিত করে সরকার তাদের দায় কিছুটা মোচনের চেষ্টা করছে: প্রধানমন্ত্রী

চট্টগ্রা‌মেও হ‌বে মে‌ট্রো‌রেল: সেতুমন্ত্রী

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২২

বন্দর নগরী চট্টগ্রামের অফুরন্ত সম্ভাবনা কাজে লাগাতে এবং নগরবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে মেট্রোরেল নির্মাণের উদ্যোগ নিয়েছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ।

রোববার (৬ ফেব্রুয়ারি) সাংবাদিকদের ব্রিফিংকালে এই উদ্যোগের কথা জানান সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

এর আগে, সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত লি জেং কিউনের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে সাক্ষাত করেন।

সেতুমন্ত্রী বলেন, চট্টগ্রামে পরিকল্পিত পরিবহন ব্যবস্থা এবং মেট্রোরেল চালুর লক্ষে কোইকার সহায়তায় সরকার সম্ভাব্যতা যাচাইয়ের কাজ শুরু করতে যাচ্ছে।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের আওতায় প্রায় ৭৭ কোটি টাকা ব্যয়ে একটি সমীক্ষা প্রকল্প গ্রহণ করা হচ্ছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, এতে কোরিয়া সরকারের অনুদান ৫১ কোটি টাকা।

সচিবালয়ে এ বিষয়ে কোরিয়ার রাষ্ট্রদূত এবং কোইকা’র প্রতিনিধিদলের সাথে প্রাথমিক আলোচনা হয়েছে, উল্লেখ করে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আরও বলেন, ইতোমধ্যে কোরিয়া থেকে একটি বিশেষজ্ঞ সার্ভে টিম বাংলাদেশ সফরে এসেছেন।

দলটি আগামী ৮ থেকে ১২ ফেব্রুয়ারি চট্টগ্রাম মহানগরীর উন্নয়নের সাথে সংশ্লিষ্ট সকল অংশিজনদের সাথে মতবিনিময় ও তথ্য উপাত্ত সংগ্রহ করবে।

চট্টগ্রাম সার্কিট হাউসে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদের উপস্থিতিতে ৮ ফেব্রুয়ারি একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, সার্ভে টিম আগামী ১৫ ফেব্রুয়ারি ঢাকায় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মো. নজরুল ইসলামের সাথে এক রিভিউ সভায় মিলিত হবেন।

সেতুমন্ত্রী বলেন, প্রকল্পের আওতায় চট্টগ্রাম নগরীর জন্য একটি সমন্বিত পরিবহন পরিকল্পনা প্রস্তুত করা হবে। এর পাশাপাশি ম্যাস ট্রানজিট লাইন বা মেট্রোরেলের সম্ভাব্যতা যাচাইয়ের কাজও করা হবে।

তিনি আরো বলেন, নগরীর উন্নয়ন চাহিদার দিকে খেয়াল রেখে সার্কুলার রোড, রেডিয়াল রোড, মাল্টিমোডাল ট্রান্সপোর্ট হাব, ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন, বাস টার্মিনালের জন্য স্থান নির্ধারণ, বাস রুট রেশনালাইজেশনের মাধ্যমে কোম্পানিভিত্তিক বাস পরিচালনার সমীক্ষাও সম্পন্ন করা হবে।

সেতুমন্ত্রী এ সম্ভাব্যতা যাচাইয়ের কাজ আগামী এক বছরের মধ্যে শেষ হবে বলেও আশা করেন।

ওবায়দুল কাদের চট্টগ্রামবাসীর সাথে সংযুক্ত হওয়ায় কোরিয়া সরকার এবং কোইকা’কে আন্তরিক ধন্যবাদ জানান।

এদিকে রাষ্ট্রদূত লি জেং কিউন জানান, অর্থনৈতিক উন্নয়নের প্রধান শর্ত হচ্ছে অবকাঠামো উন্নয়ন। এ লক্ষে দক্ষিণ কোরিয়া বাংলাদেশের বিভিন্ন অবকাঠামো উন্নয়নে কাজ করতে আগ্রহী।

তিনি বলেন, বাংলাদেশের বন্দর নগরী চট্টগ্রামে জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে মেট্রোরেল প্রকল্প নির্মাণের প্রাথমিক সিদ্ধান্তে উপনীত হয়েছে কোরিয়া সরকার।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD