মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন

টিপু হত্যায় গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছে র‌্যাব

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ মার্চ, ২০২২

রাজধানীর শাহজাহানপুরে আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপু হত্যাকাণ্ডে, গুরুত্বপূর্ণ তথ্য-উপাত্ত পাওয়া গেছে। কিলিং মিশনে অংশ নেওয়া দুর্বৃত্তদের চিহ্নিত করা হয়েছে। অচিরেই আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

আজ শুক্রবার রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকের এ কথা জানান খন্দকার আল মঈন।

তিনি বলেন, এ ঘটনায় মতিঝিল থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। অপরাধী ধরতে মাঠে নেমেছে আইনশৃঙ্খলা বাহিনী।

খন্দকার মঈন বলেন, জাহিদুল ইসলাম টিপু হত্যাকাণ্ডের ঘটনায় আমরা সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছি। বেশ কিছু মোটিভও আমরা হাতে পেয়েছি। সেগুলো আমরা পর্যালোচনা করছি। ঘটনায় শুটারদের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে শনাক্তের চেষ্টা করছি। র‌্যাব ছাড়াও সিআইডি, থানা পুলিশ ও পুলিশের গোয়েন্দা শাখার একাধিক টিম কাজ করছে। আমি মনে করি, খুব দ্রুত সময়ের মধ্যে ঘটনার মোটিভ উন্মোচন ও শুটারদের শনাক্ত করে আইনের হাতে সোপর্দ করা সম্ভব হবে।

খন্দকার মঈন বলেন, ইতোপূর্বেও র‌্যাব অনাকাঙ্ক্ষিত এ ধরনের গুলির ঘটনা গুরুত্বের সঙ্গে দ্রুত সময়ে তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনতে সক্ষম হয়েছে। গতরাতের ঘটনায়ও হত্যাকারীকে আইনের আওতায় আনা হবে।

বৃহস্পতিবার রাত ১০টার দিকে এজিবি কলোনি থেকে শাহজাহানপুর খিলগাঁওয়ের বাগিচা এলাকার বাসায় ফিরছিলেন মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিপু। আমতলার মসজিদ কাছে খিলগাঁও রেলগেট সিগনালে পড়ে তার গাড়ি। এ সময় হেলমেট পরিহিত যুবক গাড়ির জানালা দিয়ে টিপুকে লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে। এতে টিপু ও গাড়িচালক মনির হোসেন মুন্না গুলিবিদ্ধ হয়। পাশে রিকশায় থাকা বদরুন্নেসা কলেজের ছাত্রী সামিয়া আফরিন প্রীতিও গুলিবিদ্ধ হন।

রক্তাক্ত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক টিপু এবং প্রীতিকে মৃত ঘোষণা করেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD