মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০১:০৭ অপরাহ্ন

স্ত্রীকে খুন করে লাশ হাসপাতালে রেখে পালাল স্বামী

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ এপ্রিল, ২০২২

পারিবারিক কলহ নিয়ে মাদারীপুরের শিবচরে স্বামীর ধারাল অস্ত্রের আঘাতে দুই সন্তানের জননী (স্ত্রী) খুন হয়েছেন। খুনের পর স্ত্রীর লাশ হাসপাতালে রেখে খুনি স্বামী ও তার পরিবারের সদস্যরা পালিয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, জেলার শিবচর উপজেলার শিবচর ইউনিয়নের চরশ্যামাইল গ্রামের খালেক তালুকদারের ছেলে অটোচালক রাজ্জাক তালুকদার ও তার দ্বিতীয় স্ত্রী আয়শা আক্তারের (৩০) সঙ্গে পারিবারিক কলহ নিয়ে প্রায়ই ঝগড়া হতো।

সোমবার সন্ধ্যায় নিজ বাড়িতে স্বামী রাজ্জাক তালুকদারের সঙ্গে স্ত্রী আয়শার মোবাইলে কথা বলা ও পারিবারিক বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়।

কথা কাটাকাটির এক পর্যায়ে স্বামী রাজ্জাক তালুকদার ধারাল অস্ত্র দিয়ে স্ত্রী আয়শার পেটে ও নাকে আঘাত করে। এতে ঘটনাস্থলেই আয়শার মৃত্যু হয়। ঘরে চেচাঁমেচির শব্দ পেয়ে প্রতিবেশীরা এগিয়ে এসে আয়শাকে নিথর অবস্থায় ঘরের মেঝেতে পড়ে থাকতে দেখে হাসপাতালে নেওয়ার কথা বললে রাজ্জাক ও তার পরিবারের সদস্যরা আয়শাকে নিজের ইজিবাইকে করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।

হাসপাতালের জরুরী বিভাগে আয়শাকে রেখে এসময় স্বামী রাজ্জাক ও তার পরিবারের সদস্যরা পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে হাসপাতাল থেকে নিহত আয়শার লাশ থানা হেফাজতে নিয়েছে। নিহত আয়শা বরিশালের আ. মান্নানের মেয়ে। আয়শার শাওন নামের একটি ছেলে ও সিনথিয়া নামের একটি মেয়ে রয়েছে।

স্থানীয় রাসেল ফকির বলেন, আয়শা রাজ্জাকের দ্বিতীয় স্ত্রী। প্রায়ই ওদের ঝগড়া হতো। ওই বৌ অনেকদিন বাপের বাড়িও ছিল।

ঘটনাস্থলে উপস্থিত শিবচর থানার এসআই সিদ্ধার্থ কুমার বলেন, নিহতের শরীরে দুটি আঘাতের চিহ্ন রয়েছে। ঘাতককে ধরতে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে।

শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. তরিকুল ইসলাম বলেন, হাসপাতালে আনার আগেই ওই নারীর মৃত্যু হয়েছে। তার পেটে ও নাকের ওপরে ধারাল অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। অধিক রক্তক্ষরণেই তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD