মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১২:০৩ অপরাহ্ন

ডিআইজি মিজানের বিরুদ্ধে দুদকের আপিল

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১০ এপ্রিল, ২০২২

পুলিশের বরখাস্তকৃত উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মিজানুর রহমানকে অর্থ পাচারের ধারা থেকে খালাসের বিরুদ্ধে দুদকের আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট।

রোববার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

ঘুষ লেনদেনের মামলায় দণ্ডবিধির ১৬১ ধারায় তিন বছরের দণ্ড হলেও পুলিশের বরখাস্তকৃত উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মিজানুর রহমান অর্থ পাচারের অভিযোগে খালাস পেয়েছিলেন।

আর এ অর্থপাচার আইনের ৪ ধারায় খালাসের বিরুদ্ধে এবার মিজানুর রহমানের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

গত ২৩ ফেব্রুয়ারি ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক শেখ নাজমুল আলম এ মামলায় রায় দেন।
রায়ে দুদকের বরখাস্ত পরিচালক খন্দকার এনামুল বাছিরকে আট বছর ও পুলিশের বরখাস্তকৃত ডিআইজি মিজানুর রহমানকে তিন বছর কারাদণ্ড দেন আদালত। এছাড়া এনামুল বাছিরকে ৮০ লাখ টাকা জরিমানা করা হয়।

এর মধ্যে ঘুষ লেনদেনের অভিযোগে মিজানকে দণ্ডবিধির ১৬১ ধারায় ও এনামুল বাছিরকে দণ্ডবিধির ১৬৫(এ) ধারায় তিন বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। অপরদিকে মানি লন্ডারিং আইনের ৪ ধারায় এনামুল বাছিরকে পাঁচ বছর কারাদণ্ড ও ৮০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এনামুল বাছিরের দু’টি দণ্ড একসঙ্গে চলবে বলে তাকে পাঁচ বছর দণ্ড ভোগ করতে হবে৷

পরে মিজানুর রহমান হাইকোর্টে তিন বছরের দণ্ডের বিরুদ্ধে আপিল করেছেন। হাইকোর্ট তার আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন। আর তার জামিন আবেদনের শুনানির জন্য ১৩ এপ্রিল বুধবার দিন রেখেছেন।

আইনজীবী মো.খুরশীদ আলম খান জানান, অর্থপাচার প্রতিরোধ আইনের ৪ ধারায় খন্দকার এনামুল বাছিরকে পাঁচ বছর কারাদণ্ড ও ৮০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। কিন্তু মিজানুর রহমানকে খালাস দেওয়া হয়েছে। তাই এর বিরুদ্ধে দুদক আপিল করে। এ আপিল শুনানির জন্য গ্রহণ করে নথি তলব করেছেন হাইকোর্ট। এর আগে মিজানুর রহমানও আপিল করেছিলেন। এ দু’টি আপিলের শুনানি একসঙ্গে হবে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD