মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন

ছেলের হাতে বাবা খুন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ এপ্রিল, ২০২২

সিরাজগঞ্জের শাহজাদপুরে সম্পত্তির ভাগাভাগি নিয়ে পারিবারিক দ্বন্দ্বে ছেলের হাতে খুন হয়েছেন সাখাওয়াত হোসেন নামের এক ব্যক্তি।

বৃহস্পতিবার (২৮ এপ্রিল) সন্ধ্যার দিকে উপজেলার কায়েমপুর ইউনিয়নের সরাতৈল গ্রামে এ ঘটনা ঘটে।নিহত সাখাওয়াত হোসেন (৪৫) ওই গ্রামের মৃত ইসহাক মোল্লার ছেলে।

স্থানীয় ইউপি সদস্য মো. মমিন আলী জানান, দীর্ঘদিন ধরে সাখাওয়াত হোসেন ছোট ছেলে রাকিবকে একটি সিএনজি কিনে দেওয়ায় বড় ছেলে রুবেলের সঙ্গে দ্বন্দ্ব চলছিল। সিএনজির পরিবর্তে বড় ছেলেকে ৪টি গরু দেওয়ার পরও ছেলের বউ আল্পনা খাতুন মেনে না নিয়ে উল্টো ক্ষুব্ধ হন। এর ফলে প্রতিনিয়তই তাদের মধ্যে ঝগড়া-বিবাদ লেগে থাকে। এই অবস্থায় বৃহস্পতিবার সাখাওয়াতকে তার বড় ছেলে রুবেল ও তার স্ত্রী আল্পনা খাতুন কথা-কাটাকাটির একপর্যায়ে কাঠের পিড়ি দিয়ে এলোপাথাড়ি আঘাত করেন। এসময় ছোটো ছেলে রাকিব ও প্রতিবেশীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এদিকে সাখাওয়াতের স্ত্রী রেবা খাতুনের দাবি, ছেলে রুবেলের স্ত্রী আল্পনা খাতুন এবং ছেলের শ্বশুর মিলিতভাবে হত্যা করেছে তার স্বামীকে।

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদ মাহমুদ খান জানান, পারিবারিক কলহের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে। নিহতের মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে। ময়নাতদন্তের জন্য সকালে হাসপাতালে পাঠানো হবে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD