বগুড়ার কাহালু উপজেলা বিএনপির নিখোঁজ সহদপ্তর সম্পাদক আনোয়ার হোসেন এবং একই উপজেলার বীরকেদার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেনের বিষয়ে পুলিশের মহাপরিদর্শককে (আইজিপি) প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আগামী ৪ জানুয়ারির মধ্যে এ প্রতিবেদন দিতে বলা হয়েছে।
নিখোঁজ দুই নেতার পরিবারের সদস্যদের করা দুটি রিটের প্রাথমিক শুনানির পর বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি মো. বশির উল্লাহর হাইকোর্ট বেঞ্চ আজ বুধবার রুলসহ এ আদেশ দেন।
আনোয়ার হোসেন ওরফে হৃদয় ও দেলোয়ার হোসেনকে বেআইনিভাবে আটক রাখা হয়নি, তা নিশ্চিত হতে আদালতে তাঁদের হাজির করতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে রুলে।
স্বরাষ্ট্রসচিব, আইজিপিসহ বিবাদীদের রুলের জবাব দিতে বলা হয়েছে।
আদেশের আগে রাষ্ট্রপক্ষকে উদ্দেশ্য করে আদালত বলেন, কোনো নাগরিক নিখোঁজ হলে তাকে খুঁজে বের করার দায়িত্ব রাষ্ট্রের, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। মানুষের জীবন অত্যন্ত মূল্যবান। এক ঘণ্টাও মানুষের জীবনের জন্য গুরুত্বপূর্ণ।
সন্তান হারানোর ব্যথাটা কত কষ্টের তা পরিবারই জানে।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মদ আলী। সঙ্গে ছিলেন আইনজীবী কায়সার কামাল ও রুহুল কুদ্দুস কাজল। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শফিকুল ইসলাম সিদ্দিকী, সহকারী অ্যাটর্নি জেনারেল মো. সাইফুল আলম ও তাহমিনা পলি।
আদেশের পর আইনজীবী কায়সার কামাল সাংবাদিকদের বলেন, বিএনপির দুই নেতার সন্ধান জানতে আদালত পুলিশের কাছে প্রতিবেদন চেয়েছেন। ৪ জানুয়ারির মধ্যে আইজিপিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে। সেই সঙ্গে রুল জারি করেছেন আদালত।
গতকাল মঙ্গলবার (২৬ ডিসেম্বর) নিখোঁজ দুই নেতার পরিবারের সদস্যরা আলাদা দুটি রিট করেন। বিএনপি নেতা আনোয়ার হোসেনের সন্ধান চাওয়া রিটে বলা হয়েছে, গত ১৪ ডিসেম্বর বিকেল সাড়ে ৫টার দিকে শেরপুর পল্লী উন্নয়ন একাডেমির সামনে থেকে ডিবি পরিচয়ধারী সদস্যরা তাকে তুলে নিয়ে যায়।
এরপর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।
আর দেলোয়ারের সন্ধান চাওয়া রিটে বলা হয়েছে, ১৪ ডিসেম্বর সন্ধ্যায় তিনি বাড়ি থেকে স্থানীয় পলীপাড়া বাজারে চা খেতে যান। সেখান থেকে রাত সাড়ে ৮টার দিকে ফোন করে একটু পরে বাড়ি ফেরার কথা বলেন। কিন্তু এরপর থেকেই দেলোয়ারের খোঁজ পাওয়া যাচ্ছে না।