বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:০০ অপরাহ্ন

আলতাফ হোসেন-মেজর হাফিজের ২১ মাসের কারাদণ্ড

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০২৩

নাশকতার দায়ে রাজধানীর গুলশান থানায় করা মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন, মেজর (অব.) হাফিজ উদ্দিন ও মেজর হানিফের ২১ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।

এছাড়া রায়ে পাঁচজনের সাড়ে তিন বছর করে সাজা দেওয়া হয়েছে। অভিযোগ প্রমাণ না হওয়ায় খালাস পেয়েছে ১১ জন।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন মেজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালত তাদের কারাদণ্ড দেন।

এর আগে গত ২৪ ডিসেম্বর রাষ্ট্র ও আসামিপক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের জন্য আজকের দিন ধার্য করা হয়।

মামলার অভিযোগ থেকে জানা যায়, আসামিরা ২০১১ সালের ৪ জুন গুলশান থানাধীন মহাখালী ওয়ারলেস গেট পানির ট্যাংকির সামনে রাস্তার ওপর অবৈধ সমাবেশ থেকে পুলিশের কাজে বাধা দেন এবং তাদের আক্রমণ করেন। রাস্তার চলাচলরত গাড়ি ভাঙচুর ও আগুন ধরিয়ে দেন।

২০১৪ সালের ২৯ এপ্রিল মামলাটি তদন্তের পর গুলশান থানার উপপরিদর্শক (এসআই) কামরুল হাসান তালুকদার আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

২০২২ সালের ২৫ এপ্রিল মামলাটিতে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। মামলার বিচার চালাকালীন আদালত ১২ জনের মধ্যে সাতজনের সাক্ষ্য নেয়।

মামলাটিতে মোট ১৯ জনকে আসামি করা হয়। আলতাফ হোসেন, মেজর (অব.) হাফিজ উদ্দিন, মেজর (অব.) হানিফ ছাড়াও মামলার অন্য আসামিরা হলেন- এমএ আউয়াল খান, সাবেক কমিশসার এমএ কাউয়ুম, মো. দুলাল, মো. রাসেল, মঈনুল ইসলাম, তোফায়েল আহম্মেদ ওরফে লিটন, মো. বাবুল হোসেন ওরফে বাবু, মো. আলমগীর হোসেন ওরফে রাজু, মো. জাহাঙ্গীর শিকদার ওরফে বাবু, আরিফুল ইসলাম, মো. বিল্লাল হোসেন, মো. সামসুল হক মিয়াজী, মো. বিপ্লব, মো. খুরশিদ আলম মমতাজ, মো. মোশারফ হোসেন ও মো. মাহাবুব।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD