এবার যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনে হানা দিয়েছে পঙ্গপালের দল। দেশটির মধ্যাঞ্চল, দক্ষিণাঞ্চল ও পূর্বাঞ্চলে পঙ্গপালের ঝাঁক কৃষিজমিতে ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে। যার ফলে দেশটিতে খাদ্য সঙ্কট আরো চরম মাত্রায় পৌঁছাবে বলে আশঙ্কা করা হচ্ছে।
আরব নিউজের বরাতে জানা যায়, দেশটির মারিব, হাদ্রামৌত, মাহরা এবং আবইয়ান প্রদেশে বিশাল এক পঙ্গপালের ঝাঁক জনজীবন অতিষ্ট করে তুলেছে। ফসলি জমি, মজুদে রাখা খাদ্য, শহর ও গ্রাম সব জায়গায় এই পতঙ্গ হানা দিয়েছে। বিশেষ করে, মৌসুমি খেজুর যারা চাষ করেন তাদের সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে।
হাদ্রামৌত প্রদেশের কৃষি অফিসার হুসেইন বেন আল-শেইখ আবু বকর বলেন, পরিস্থিতি দেখে মনে হচ্ছে, শক্তিশালী এক ঝড় এসে পথে যা পাচ্ছে সব তছনছ করে দিচ্ছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, মারিব প্রদেশের লেবুর খামারে কয়েক স্তরে পঙ্গপাল লেবুগাছের ওপর পড়ে আছে। হাদ্রামৌতের খেজুর ও আলফালফা খামারেও একই অবস্থা। এলাকাগুলোতে এখন দিনের আলো নেই বললেই চলে। সবকিছু পঙ্গপাল দিয়ে ছেয়ে গেছে।
আবু বকর বলেন, পঙ্গপাল গাছের সব পাতা খেয়ে ফেলছে। কোনো সবুজ পাতাই অবশিষ্ট থাকছে না। ভয়াবহ এক ক্ষতি হয়েছে।
আরব নিউজ বলছে, গত কয়েক মাসে ইয়েমেনে ভারি বৃষ্টি ও আকস্মিক বন্যা হয়েছে। যার কারণে পঙ্গপাল প্রজননের একটি উপযুক্ত আবহাওয়া তৈরি হয়েছিল। স্থানীয় কৃষকরা দাবি করছেন, তাদের মৌসুমি আবাদ যা হয়েছিল তার সবই পঙ্গপাল ধ্বংস করেছে।
আবু বকর বলেন, আমি সরেজমিন ঘুরে দেখেছি। সরকার হতে কোনো ব্যবস্থা নেয়া হচ্ছে না, এমন দাবি করছেন স্থানীয় চিকিৎসকরা। অধিকাংশ স্থানেই পঙ্গপালের ডিম লক্ষ্য করা গেছে। ধারণা করা হচ্ছে, আগামী ১০ দিনের মধ্যে সেগুলো থেকে দ্বিতীয় পঙ্গপালের ঝাঁক এসব এলাকায় হানা দিবে।