শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন

পুলিশের সঙ্গে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ, ইটপাটকেল নিক্ষেপ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬

পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা পুলিশের উদ্দেশ্যে ইটপাটকেল ছোড়ে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুর ১২টার দিকে এ সংঘর্ষ শুরু হয়।

জানা গেছে, গত ২ দিনে ঢাকা কলেজের ৭ শিক্ষার্থী হামলার শিকার হয়েছেন। শিক্ষার্থীদের অভিযোগ, চায়নিজ কুড়াল দিয়ে তাদের শিক্ষার্থীদের ওপর সন্ত্রাসী হামলা চালায় আইডিয়াল কলেজের কিছু শিক্ষার্থী।

এরই জের ধরে আজ সাড়ে ১১টার দিকে আইডিয়াল কলেজের দিকে ঢাকা কলেজের শিক্ষার্থী অগ্রসর হলে রাজধানীর সাইন্সল্যাবে পুলিশের বাধার মুখে পড়ে।

এরপর পুলিশের সঙ্গে ঢাকা কলেজের শিক্ষার্থীরা বাকবিতন্ডায় জড়ালে তা সংঘর্ষে রূপ নেয়। পুলিশ ও শিক্ষার্থীদের মধ্যে চলে ধাওয়া পাল্টা ধাওয়া। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপ করে। পাল্টা জবাবে শিক্ষার্থীরাও ইট পাটকেল নিক্ষেপ করে।

এখনও থমথমে পরিস্থিতি বিরাজমান। কঠোর অবস্থানে রয়েছে পুলিশ।

সরেজমিন দেখা যায়, মিরপুর রোডের নিউমার্কেট অংশে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। শিক্ষার্থীরা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করছে। এ সময় সায়েন্সল্যাব এলাকায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। এ ছাড়া নিউমার্কেট থেকে মিরপুরের রাস্তায়ও যান বন্ধ রয়েছে।

এর আগে গত বছরের ৯ নভেম্বর দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে বারবার সংঘর্ষের ঘটনার প্রেক্ষিতে পুলিশ ও কলেজ প্রশাসনের উপস্থিতিতে একটি মৌখিক ‘শান্তিচুক্তি’ হয়। সেখানে উভয় কলেজের শিক্ষার্থীরা ফুল ও মিষ্টি বিনিময়ের মধ্যে দিয়ে বন্ধুত্বের প্রতীকী অঙ্গীকার করেন এবং ভবিষ্যতে আর কোনো সংঘর্ষে না জড়ানোর প্রতিশ্রুতি দেন। কিন্তু এক মাস না যেতেই সে চুক্তি ভঙ্গ করে আবারও সহিংসতায় জড়িয়ে পড়ল আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD