মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ আদালত থেকে বেরিয়ে তিশা বললেন, ‘দরকার হলে আরও পাঁচবার আসব’ জমির ভাগ পেতে হামলার দায়িত্ব নেন শাহরিয়া জ্বালানির দাম বাড়িয়ে কীভাবে সংকটের অবসান হলো, বিপিসির কাছে ব্যাখ্যা চেয়েছে কমিটি একযোগে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার লিভার প্রতিস্থাপনে বাংলাদেশি চিকিৎসকদের প্রশিক্ষণের প্রস্তাব পাকিস্তানের একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন বাংলাদেশের ওষুধে ১০০ শতাংশ শুল্ক ছাড়ের ঘোষণা ট্রাম্পের দুদকের বিরুদ্ধে আসিফ মাহমুদের রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ দেশে এখন নৈরাজ্য নেই, অন্তর্বর্তী সময়ের চেয়ে অবস্থা ভালো: তথ্য উপদেষ্টা

পোস্টাল ভোটে প্রবাসীদের সাড়া দ্বিগুণ, দেশে এখনো ধীরগতি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬

আসন্ন জাতীয় নির্বাচনে ‘পোস্টাল ভোট বিডি’ মোবাইল অ্যাপের মাধ্যমে ডাকযোগে ভোট দেওয়ার প্রক্রিয়ায় প্রবাসীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যাচ্ছে। নির্বাচন কমিশনের সর্বশেষ তথ্যানুযায়ী, দেশের অভ্যন্তরে থাকা ভোটারদের তুলনায় প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ভোট দেওয়ার হার ও আগ্রহ অনেক বেশি।

আজ বুধবার (৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টা পর্যন্ত বাংলাদেশ নির্বাচন কমিশনের হালনাগাদ তথ্যে এই চিত্র উঠে এসেছে। ডিজিটাল পদ্ধতিতে প্রবাসীদের এই ব্যাপক অংশগ্রহণকে নির্বাচন প্রক্রিয়ার একটি বড় সাফল্য হিসেবে দেখছে কমিশন।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ৭ লাখ ৬৬ হাজার ৮৬২টি ব্যালট পেপার প্রবাসীদের গন্তব্যের দেশগুলোতে পৌঁছেছে। এর মধ্যে ৫ লাখ ২৪ হাজার ৮৬৯ জন প্রবাসী ভোটার সফলভাবে ব্যালট গ্রহণ করেছেন। ভোটদান সম্পন্ন করেছেন ৪ লাখ ৭২ হাজার ৪১০ জন এবং ডাকবাক্সে জমা দিয়েছেন ৪ লাখ ৩১ হাজার ৭৪৮ জন। এর মধ্যে বাংলাদেশে এসে পৌঁছেছে ৩ লাখ ২৬ হাজার ২০টি ব্যালট এবং রিটার্নিং কর্মকর্তা গ্রহণ করেছেন ৪১ হাজার ১৭৮টি।

অন্যদিকে, দেশের ভেতরে যারা ডাকযোগে ভোট দেওয়ার (ইন কান্ট্রি পোস্টাল ভোট) জন্য নিবন্ধিত হয়েছেন, তাদের কার্যক্রম চলমান থাকলেও গতি কিছুটা ধীর। অভ্যন্তরীণ ভোটারদের কাছে পাঠানো মোট ৬ লাখ ৬২ হাজার ১৯১টি ব্যালটের মধ্যে এখন পর্যন্ত গ্রহণ করেছেন ১ লাখ ৭০ হাজার ৯৮৯ জন। ভোটদান সম্পন্ন করেছেন ১ লাখ ৩১ হাজার ৬৯১ জন এবং ডাকবাক্সে জমা দিয়েছেন ১ লাখ ৪ হাজার ১৬৫ জন। রিটার্নিং কর্মকর্তা এখন পর্যন্ত গ্রহণ করেছেন ১২ হাজার ৯১৫টি ব্যালট।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ডাকযোগে আসা এই ভোটগুলো অত্যন্ত সতর্কতার সঙ্গে সংগ্রহ করা হচ্ছে। রিটার্নিং কর্মকর্তাদের কাছে পৌঁছানো ব্যালটগুলো নির্ধারিত সময়ে মূল গণনার সঙ্গে যোগ করা হবে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD