স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেনের সঙ্গে বাংলাদেশে পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার গত সোমবার মন্ত্রণালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন। History
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এ সময় দুদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা, প্রস্তাবিত সমঝোতা স্মারক চূড়ান্তকরণ, ওষুধ ও স্বাস্থ্য খাতে নিয়োজিত পেশাজীবীদের দক্ষতা উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। সেই সঙ্গে সার্জিক্যাল সরঞ্জাম ও ওষুধ পণ্যের বাণিজ্য সম্প্রসারণ নিয়েও আলোচনা হয়।
সাক্ষাৎকালে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ পাকিস্তানে ভ্যাকসিন ও ক্যানসারের ওষুধ রপ্তানি আরো বাড়াতে পারে। একই সঙ্গে তিনি পাকিস্তানি উদ্যোক্তাদের বাংলাদেশে স্বাস্থ্য খাতে বিনিয়োগের সুযোগ অন্বেষণের আহ্বান জানান।
আলোচনাকালে হাইকমিশনার বাংলাদেশ ও পাকিস্তানের স্বাস্থ্য খাতের মধ্যে অঙ্গ প্রতিস্থাপন বিষয়ে সহযোগিতার বিভিন্ন প্রস্তাব সম্পর্কে মন্ত্রীকে অবহিত করেন। তিনি জানান, বাংলাদেশি চিকিৎসকদের লিভার প্রতিস্থাপন বিষয়ে প্রশিক্ষণ দিতে আগ্রহ প্রকাশ করেছে পাকিস্তানের গাম্বাট ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (জিআইএমএস)।
পাশাপাশি বাংলাদেশে পরবর্তী সময়ে লিভার প্রতিস্থাপনের অস্ত্রোপচারে সহায়তা এবং টেলিমেডিসিনের মাধ্যমে অস্ত্রোপচার-পরবর্তী চিকিৎসাসেবা প্রদানের প্রস্তাবও দিয়েছে প্রতিষ্ঠানটি।
এদিকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গেও গতকাল সাক্ষাৎ করেছেন পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় তাকে অভিনন্দন জানান তিনি। সাক্ষাৎকালে উভয়পক্ষ বাংলাদেশ ও পাকিস্তানের দ্বিপক্ষীয় সম্পর্ক, বিশেষ করে বাণিজ্য ও বিনিয়োগ, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ এবং জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ আরো জোরদারে সহযোগিতার উপায় নিয়ে আলোচনা করেন। এছাড়া তারা আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে মতবিনিময় করেন।