ভোটের দিন ভোটকেন্দ্রের আশপাশে মোবাইল ফোন বহনে কড়াকড়ি আরোপ করেছে নির্বাচন কমিশন (ইসি)। সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটগ্রহণ নিশ্চিত করতে ভোটকেন্দ্রের ৪০০ গজের ভেতরে সাধারণ ভোটারদের মোবাইল ফোন নিয়ে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।
রোববার (৮ ফেব্রুয়ারি) ইসি সচিবালয়ের জারি করা এক পরিপত্রে এ নির্দেশনা দেওয়া হয়। পরিপত্রে স্বাক্ষর করেন সিনিয়র সহকারী সচিব মো. শহিদুল ইসলাম।
নির্দেশনায় বলা হয়েছে, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের দিন ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে কেবল দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারাই মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন। এই তালিকায় রয়েছেন প্রিজাইডিং অফিসার, ভোটকেন্দ্রের দায়িত্বে থাকা পুলিশ ইনচার্জ, দায়িত্বপ্রাপ্ত আনসার সদস্য এবং ‘নির্বাচন সুরক্ষা ২০২৬’ অ্যাপ ব্যবহারকারী দুইজন আনসার।
নির্বাচনী সহিংসতা ও বিশৃঙ্খলা দ্রুত নিয়ন্ত্রণে আনতে এবার নতুন করে যুক্ত করা হয়েছে ‘নির্বাচন সুরক্ষা ২০২৬’ অ্যাপ। কোনো কেন্দ্রে গোলযোগ বা সহিংসতার আশঙ্কা দেখা দিলে অ্যাপের মাধ্যমে তাৎক্ষণিকভাবে রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন কমিশনকে জানানো যাবে। এতে দ্রুত সিদ্ধান্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া সহজ হবে বলে মনে করছে ইসি।
এবারের নির্বাচনে নজরদারি জোরদারে প্রযুক্তির ব্যবহারও বাড়ানো হয়েছে। দেশের ৪৩ হাজার ভোটকেন্দ্রের মধ্যে ২৫ হাজার ৭০০ কেন্দ্রে দায়িত্বরত পুলিশ সদস্যদের জন্য বডি-ওর্ন ক্যামেরা সরবরাহ করা হয়েছে। এসব ক্যামেরার মাধ্যমে কেন্দ্রের পরিস্থিতি সরাসরি পর্যবেক্ষণ করবে আইনশৃঙ্খলা বাহিনী ও নির্বাচন কমিশন।