বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
বরিশালে তথ্য ও সম্প্রচারমন্ত্রী

সাংবাদিকদের ওয়েজবোর্ডকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬

সাংবাদিকদের যে-কোনো সমস্যা সাংবাদিকতার নিজস্ব পরিসরের মধ্যেই সমাধান হওয়া উচিত বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এম জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, এ ক্ষেত্রে তথ্য মন্ত্রণালয়ের বাইরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা অন্য কোনো মন্ত্রণালয়ের হস্তক্ষেপ কাম্য নয়।

শনিবার (২১ ফেব্রুয়ারি) মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বেলা সাড়ে ১১টায় বরিশাল শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভাশেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, সাংবাদিকতা একটি স্বতন্ত্র পেশা। এ পেশার সঙ্গে সংশ্লিষ্ট যে-কোনো সমস্যা, সংকট বা বিরোধ সাংবাদিকতার নিজস্ব কাঠামো ও নীতিমালার মধ্যেই সমাধান হওয়া প্রয়োজন। এর বাইরে অন্য কোনো প্রশাসনিক বা মন্ত্রণালয়ভিত্তিক হস্তক্ষেপ হলে পেশাগত স্বাধীনতা ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা থাকে।

গণমাধ্যমের ভূমিকার প্রসঙ্গে তিনি বলেন, সরকার ও জনগণের মধ্যে সেতুবন্ধন হিসেবে গণমাধ্যম অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে দায়িত্ব পালনের ক্ষেত্রে সাংবাদিকদের কিছু বাস্তব সমস্যা রয়েছে। সেগুলো চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে।

সাংবাদিকদের আর্থিক ও পেশাগত নিরাপত্তার বিষয়টি তুলে ধরে মন্ত্রী বলেন, ওয়েজবোর্ডকে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করছে। এটিকে সময়োপযোগী করতে প্রয়োজনীয় প্রক্রিয়া শুরু হয়েছে।

তিনি আরো বলেন, স্বাধীন গণমাধ্যম ছাড়া গণতন্ত্র টেকসই হতে পারে না। তবে স্বাধীনতার পাশাপাশি জবাবদিহিতাও নিশ্চিত করতে হবে। ভয়ভীতিমুক্ত সাংবাদিকতার পরিবেশ গড়ে তুলতে সরকার কাজ করছে।

সভা শেষে তিনি বরিশাল প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের বিভিন্ন পেশাগত সমস্যা ও দাবি শোনেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD