বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০১:২১ অপরাহ্ন

অনুতপ্ত হলে শাস্তি নেই, প্রবাসীদের দেশে ফেরার সুযোগ দিচ্ছে ইরান

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬

বিদেশে অবস্থানরত অনুতপ্ত ইরানি নাগরিকদের দেশে ফেরার সুযোগ দেওয়ার ঘোষণা দিয়েছে ইরানের বিচার বিভাগ। মঙ্গলবার দেওয়া এক বক্তব্যে প্রধান বিচারপতি গোলাম হোসেন মহসেনি এজি বলেন, যারা অতীতে দেশের স্বার্থবিরোধী কর্মকাণ্ডে জড়ালেও এখন অনুতপ্ত, তারা কোনো শাস্তি ছাড়াই স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন।

তিনি জানান, সাম্প্রতিক আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে অনেক প্রবাসী ইরানির মধ্যে নতুন করে দেশপ্রেমের অনুভূতি তৈরি হয়েছে। এ ধরনের নাগরিকদের স্বাগত জানাতে প্রস্তুত রয়েছে রাষ্ট্র। তবে শর্ত হিসেবে তিনি বলেন, তাদের অবশ্যই নিজেদের ভুল স্বীকার করতে হবে এবং দেশের প্রতি আনুগত্য প্রদর্শন করতে হবে।

প্রধান বিচারপতি আরও বলেন, যারা এখনো দেশের প্রতি ভালোবাসা অনুভব করেন এবং সংকটময় সময়ে মাতৃভূমির পাশে দাঁড়াতে চান, তাদের জন্য ফেরার পথ খোলা। তবে তিনি সতর্ক করে দেন, যারা দেশের ক্ষতি করেছেন তাদের জন্য কোনো বিশেষ সুবিধা বা ছাড় থাকবে না।

একই সঙ্গে তিনি কঠোর বার্তা দেন, বিদেশে বসে যারা ইরানের বিরোধী শক্তিকে সমর্থন দিচ্ছেন, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তার ভাষায়, শত্রুপক্ষের সঙ্গে সহযোগিতা করা ব্যক্তিরা তাদের কর্মকাণ্ডের জন্য জবাবদিহির মুখোমুখি হবেন।

মহসেনি এজি জানান, এমন ব্যক্তিদের ইরানে থাকা স্থাবর ও অস্থাবর সম্পদ বাজেয়াপ্ত করা হতে পারে। এসব সম্পদ রাষ্ট্রের তত্ত্বাবধানে নিয়ে জনকল্যাণ ও অবকাঠামো উন্নয়নে ব্যবহার করার পরিকল্পনা রয়েছে। তিনি বলেন, এটি কেবল শাস্তিমূলক পদক্ষেপ নয়, বরং ন্যায়বিচার প্রতিষ্ঠার অংশ।

ইরানের বিচার বিভাগ স্পষ্ট করেছে, যারা সরাসরি দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতার বিরুদ্ধে কাজ করেছে, তারা কোনো ধরনের ছাড় পাবে না। জাতীয় স্বার্থ রক্ষায় এই অবস্থান কঠোরভাবে বজায় রাখা হবে বলেও জানানো হয়েছে। তথ্যসূত্র : তাসনিম নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD