রবিবার, ১০ মে ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন

মার্কিন ঘাঁটি ও জাহাজে পাল্টা হামলার হুঁশিয়ারি ইরানের

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১০ মে, ২০২৬

ইরানের তেলবাহী ট্যাংকার কিংবা বাণিজ্যিক জাহাজে হামলা বা বাধা দেওয়া হলে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটি ও ‘শত্রুপক্ষের জাহাজে’ সরাসরি পাল্টা হামলা চালানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)।

শনিবার প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি জানায়, ইরানের জাহাজগুলোকে লক্ষ্য করে যেকোনো সামরিক পদক্ষেপের জবাব ‘কঠোর ও তাৎক্ষণিকভাবে’ দেওয়া হবে। ওমান উপসাগরে যুক্তরাষ্ট্রের হামলায় দুটি ইরানি ট্যাংকার ক্ষতিগ্রস্ত হওয়ার একদিন পরই এ হুঁশিয়ারি এলো।

ইরানি গণমাধ্যমের বরাতে বলা হয়েছে, ইরানি ট্যাংকার ও বাণিজ্যিক জাহাজে হামলা হলে অঞ্চলে থাকা আমেরিকার কোনো একটি ঘাঁটি ও শত্রুর জাহাজগুলোকে লক্ষ্য করে ব্যাপক আক্রমণ চালানো হবে।

যুদ্ধ শুরুর পর থেকেই কার্যত হরমুজ প্রণালি নিয়ন্ত্রণে রেখেছে ইরান। এর ফলে পারস্য উপসাগরে শত শত জাহাজ আটকা পড়ে আছে। আটকে থাকা জাহাজগুলোকে নিরাপদে চলাচলের সুযোগ দিতে যুক্তরাষ্ট্র ‘প্রোজেক্ট ফ্রিডম’ নামে নৌ অভিযান শুরু করার ঘোষণা দিলেও ইরানের হামলার আশঙ্কায় তা দ্রুত স্থগিত করা হয়।

ইরানের দাবি, ৭ মে হরমুজ প্রণালিতে প্রবেশের সময় যুক্তরাষ্ট্র দুটি ইরানি জাহাজে হামলা চালায় এবং কেশম দ্বীপসহ উপকূলীয় কয়েকটি এলাকায় আঘাত হানে। জবাবে ইরানও মার্কিন যুদ্ধজাহাজ লক্ষ্য করে হামলা চালিয়েছে বলে জানিয়েছে।

অন্যদিকে মার্কিন সামরিক বাহিনীর দাবি, ইরান তাদের তিনটি ডেস্ট্রয়ার লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছিল। এর প্রতিক্রিয়ায় ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন স্থাপনাগুলোতে পাল্টা আঘাত হানা হয়।

পরদিন যুক্তরাষ্ট্র জানায়, তাদের আরোপিত নৌ অবরোধ অমান্য করে ইরানি বন্দরের দিকে এগিয়ে যাওয়া দুটি খালি তেলবাহী ট্যাংকারে হামলা চালানো হয়েছে। ইরানের দাবি, এতে একটি ট্যাংকারে আগুন ধরে যায় এবং এক নাবিক নিহত ও আরও ১০ জন আহত হন।

একই সময়ে সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে, তারা ইরান থেকে ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও তিনটি ড্রোন ভূপাতিত করেছে।

এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি অভিযোগ করেছেন, প্রতিবার কূটনৈতিক সমাধানের সম্ভাবনা তৈরি হলেই যুক্তরাষ্ট্র বেপরোয়া সামরিক পদক্ষেপ নেয়।

তবে উত্তেজনা বাড়লেও যুদ্ধবিরতি এখনো বহাল রয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD