বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১১:০৮ অপরাহ্ন

বেইজিংয়ে ট্রাম্প, শিগগিরই চীন সফরে যাচ্ছেন পুতিন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
বেইজিংয়ে ট্রাম্প, শিগগিরই চীন সফরে যাচ্ছেন পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন খুব শিগগিরই চীন সফরে যাচ্ছেন বলে জানিয়েছে ক্রেমলিন। বৃহস্পতিবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে রাশিয়ান সংবাদমাধ্যম আরটি।

সফরের সুনির্দিষ্ট তারিখ এখনও নির্ধারণ করা না হলেও ভ্রমণের সমস্ত প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন দিমিত্রি পেসকভ।

রুশ সংবাদমাধ্যমগুলোর ধারণা, আগামী সপ্তাহেই এই হাই-প্রোফাইল সফর অনুষ্ঠিত হতে পারে। পুতিন সর্বশেষ ২০২৫ সালের সেপ্টেম্বরে বেইজিং সফর করেছিলেন। সে সময় তিনি চীনের বিশাল সামরিক কুচকাওয়াজ এবং একটি শীর্ষ সম্মেলনে অংশ নেন।

এদিকে, দুই চিরপ্রতিদ্বন্দ্বী পরাশক্তি চীন ও যুক্তরাষ্ট্রের মাঝে চলমান উত্তেজনা প্রশমনের লক্ষ্যে উচ্চপর্যায়ের এক শীর্ষ সম্মেলনে বর্তমানে বেইজিং সফরে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ওয়াশিংটন থেকে দীর্ঘ পথ পাড়ি দিয়ে বুধবার ট্রাম্পকে বহনকারী এয়ার ফোর্স ওয়ানের বিমান চীনের স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে বেইজিংয়ের আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

গত প্রায় এক দশকের মধ্যে কোনও মার্কিন প্রেসিডেন্টের প্রথম চীন সফর এটি। বিশ্বের বৃহত্তম দুই অর্থনীতির দেশের শীর্ষ নেতাদের বহুল প্রতীক্ষিত বৈঠকে ইরান সংকট, বাণিজ্য যুদ্ধ এবং তাইওয়ান ইস্যু নিয়ে আলোচনা হয়েছে বৃহস্পতিবার।

মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে গত মার্চে এই সফর হওয়ার কথা থাকলেও ট্রাম্প তা পিছিয়ে দিয়েছিলেন। শুক্রবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে চা-চক্র ও মধ্যাহ্নভোজের পর দেশের উদ্দেশ্যে রওনা হবেন মার্কিন প্রেসিডেন্ট।

সূত্র: বিসিবি, রয়টার্স।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD