শনিবার, ১৬ মে ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন

ক্রিকেটে গতির ঝড় তুলতে বড় পদক্ষেপ ভারতের

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৫ মে, ২০২৬

ভারতীয় ক্রিকেটে গতির ঝড় তুলতে বড় পদক্ষেপ নিতে যাচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড। বেঙ্গালুরুর সেন্টার অফ এক্সেলেন্সে তিনজন নতুন ফাস্ট বোলিং কোচ নিয়োগের পরিকল্পনা করছে বলে জানা গেছে। কিন্তু কেন এমন পরিকল্পনা বোর্ডের?

ভারতীয় পেস আক্রমণে ধারাবাহিকতা ও চোট সমস্যার কথা মাথায় রেখেই এই উদ্যোগ বলে মনে করা হচ্ছে। ভারতীয় দলে সাম্প্রতিক সময়ে উমরান মালিক, টি নটরাজন এবং ময়ঙ্ক যাদবের মতো প্রতিভাবান পেসার উঠে এলেও তাদের ক্যারিয়ারে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে চোট। ফলে ব্যাকআপ পেসার তৈরির ক্ষেত্রে সমস্যায় পড়েছে টিম ইন্ডিয়া।

দেশটির গণমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদন অনুযায়ী, এই তিনটি শূন্য পদের জন্য সাবেক ভারতীয় পেসার লক্ষ্মীপতি বালাজি ও ভিআরভি সিং এগিয়ে রয়েছেন। এছাড়াও দৌড়ে রয়েছেন পি কৃষ্ণ কুমার, বিনয় কুমার এবং টিনু ইয়োহানানও।

ভারতের জাতীয় ক্রিকেট অ‌্যাকাডেমি চলছে এখন ভিভিএস লক্ষ্মণের তত্ত্বাবধানে। বিসিসিআইয়ের অধীনে বিভিন্ন জায়গায় ক্রিকেট ক্যাম্প হয়। সেখানে পুরুষদের অনূর্ধ্ব-১৬ এলিট ক্যাম্পের বোলিং কোচ হয়েছেন শিবশঙ্কর পাল। আগামী ৬ জুন পর্যন্ত রাজস্থানের জয়পুরে এই ক্যাম্প চলবে।

এদিকে, তরুণ পেসারদের উত্থানের মাঝেই চলতি আইপিএলে দুরন্ত পারফরম্যান্স করে আবারও আলোচনায় উঠে এসেছেন ভুবনেশ্বর কুমার। ৩৬ বছর বয়সি এই অভিজ্ঞ পেসার ১২ ম্যাচে ২২ উইকেট নিয়ে বেগুনি টুপির দৌড়ে শীর্ষে রয়েছেন। তার ইকোনমি রেটও নজরকাড়া। মাত্র ৭.৫৫। কোন মন্ত্রে এই বয়সেও এমন দুরন্ত পারফরম্যান্স? জবাব দিয়েছেন খোদ ভুবনেশ্বর।

তিনি বলেন, ‘মৌসুম শুরুর আগে কীভাবে প্রস্তুতি নিচ্ছেন, সেটাই খুব গুরুত্বপূর্ণ। তারপর টুর্নামেন্ট চলাকালীন আপনি কতটা অনুশীলন করবেন বা করবেন না, সেটা নিজের উপর নির্ভর করে।’ অনেকেই বলছেন, ভুবির অভিজ্ঞতা বড় সম্পদ হতে পারে ভারতীয় দলের জন্য।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD