গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে নজিরবিহীন হামলার নেপথ্যে থাকা পরিকল্পনাকারীদের প্রায় সকলকেই সেনাবাহিনী হত্যা করেছে বলে দাবি করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গাজায় চলমান যুদ্ধের অন্যতম প্রধান এই লক্ষ্যটি প্রায় সম্পন্ন হওয়ার দ্বারপ্রান্তে বলেও উল্লেখ করেন তিনি।
শুক্রবার গাজায় এক বিমান হামলায় হামাসের সশস্ত্র শাখা আল-কাসাম ব্রিগেডের অন্যতম শীর্ষ কমান্ডার ইজ্জেদিন আল-হাদ্দাদ নিহত হয়েছেন বলে দাবি করে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। এই ঘোষণার পরপরই এক বিবৃতিতে নিজের অবস্থান পরিষ্কার করেন নেতানিয়াহু।
বিবৃতিতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন, গাজা যুদ্ধের শুরু থেকেই আমাদের অন্যতম প্রধান লক্ষ্য ছিল ৭ অক্টোবরের বর্বরোচিত হামলার পরিকল্পনাকারী ও বাস্তবায়নকারীদের নিশ্চিহ্ন করা। সেনাবাহিনীর টানা অভিযানের ফলে আমরা এখন সেই লক্ষ্য পূরণের একেবারে শেষ পর্যায়ে রয়েছি।
ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি অনুযায়ী, নিহত ইজ্জেদিন আল-হাদ্দাদ হামাসের গাজা সিটির ব্রিগেডের কমান্ডার ছিলেন এবং ৭ অক্টোবরের হামলার পেছনে তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তবে ইসরায়েলের এই দাবির বিপরীতে হামাসের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া বা আল-হাদ্দাদের মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করা হয়নি।