রবিবার, ১৭ মে ২০২৬, ১০:২০ অপরাহ্ন
শিরোনাম :

জ্বালানি তেলের দাম নিয়ে যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে ইরানের তোপ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১৭ মে, ২০২৬

বিশ্ব বাজারে জ্বালানি তেলের দামে স্থিতিশীলতা ফেরানোর নামে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যে দাবি করছে, তা মহামিথ্যা বলে মন্তব্য করেছে ইরান। তেহরানের অভিযোগ, অবৈধ যুদ্ধকে বৈধতা দিতেই নতুন করে এই প্রচারণা চালানো হচ্ছে।

রোববার (১৭ মে) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘায়ি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বেপরোয়া যুদ্ধংদেহী মনোভাবই সম্ভাবনাময় কূটনৈতিক প্রক্রিয়াকে ধ্বংস করেছে।

তিনি বলেন, কোনো উসকানি ছাড়াই ইরানের বিরুদ্ধে সামরিক আগ্রাসন চালিয়ে ওয়াশিংটন ও তেলআবিব ইচ্ছাকৃতভাবে গুরুত্বপূর্ণ জ্বালানি রুটগুলোকে অনিরাপদ করেছে। এখন তারাই আবার ইরানকে অস্থিতিশীলতার জন্য দায়ী করছে।

বাঘায়ি অভিযোগ করেন, অন্যের বিরুদ্ধে সেই কাজের অভিযোগ তোলো, যা তুমি নিজেই করছো; এই পুরোনো কৌশলই অনুসরণ করছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল।

তিনি আরও বলেন, সংকট ও যুদ্ধ তৈরি করে পরে শান্তি ও স্থিতিশীলতা ফেরানোর নামে আরও আগ্রাসন চালানোই তাদের চেনা ভণ্ডামিপূর্ণ কৌশল।

এ সময় রোমান ঐতিহাসিক ও রাজনীতিক ট্যাসিটাসের একটি বিখ্যাত উদ্ধৃতিও তুলে ধরেন তিনি। উদ্ধৃতিতে বলা হয়, তারা ধ্বংসস্তূপ সৃষ্টি করে, তারপর সেটাকেই শান্তি বলে।

হরমুজ প্রণালিকে ঘিরে চলমান উত্তেজনার মধ্যেই এই মন্তব্য করলো তেহরান। বৈশ্বিক জ্বালানি বাণিজ্যের বড় অংশ এই সমুদ্রপথ দিয়ে পরিচালিত হয়।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD