শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১০:২৫ অপরাহ্ন

শিরোনাম :
ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ রোহিঙ্গা প্রত্যাবাসনে সমর্থন জানাল ভারত আ.লীগকে চিরতরে নিষিদ্ধে সংবিধান সংশোধনেও ঐক্যবদ্ধ সরকার-বিরোধী দল: মীর শাহে আলম ৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির সব ছাত্রী পাবে উপবৃত্তি, ব্যাংক হিসাব খোলার নির্দেশ সৌদি আরবে ১৩ পদে বাংলাদেশি কর্মী নেওয়ার বিজ্ঞাপন নড়াইলে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলার খবর ‘মিথ্যা’: পুলিশ সদর দপ্তর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে বিএনপির র‍্যালি সৌদি জোটের হামলায় ইয়েমেনে নিহত ৪১ প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুনিয়ার সৌন্দর্য ও আখেরাতের উদ্দেশ্য

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২০ মে, ২০২৬

আল্লাহ তাআলা এ বিশ্বজগতের প্রতিটি বস্তু অত্যন্ত সুন্দর ও সুনির্দিষ্ট উদ্দেশ্যে সৃষ্টি করেছেন। উদ্ভিদের সৌন্দর্য তার সবুজ পাতা ও রঙিন ফুলে, আর উদ্দেশ্য শস্য ও ফল উত্পাদন। কাপড়ের সৌন্দর্য তার রং ও নকশায়, আর উদ্দেশ্য মানুষের শরীর আবৃত ও সংরক্ষণ করা। তদ্রূপ পৃথিবীর সব সৌন্দর্য মানুষের চোখ ও মনকে আকৃষ্ট করলেও এর প্রকৃত উদ্দেশ্য হলো মানুষকে আল্লাহর দিকে পরিচালিত করা এবং আখেরাতের সফলতার জন্য প্রস্তুত করা।

দুনিয়ার এই বাহ্যিক সৌন্দর্যের আড়ালে আছে এক মহান লক্ষ্য—ঈমান ও সত্ আমল। মানুষ যখন এ লক্ষ্য ভুলে যায়, তখন সে দুনিয়ার মোহে বন্দী হয়ে পড়ে। সে স্রষ্টাকে ভুলে সৃষ্টি নিয়ে ব্যস্ত হয়ে যায় এবং ক্ষণস্থায়ী ভোগ-বিলাসকেই জীবনের মূল উদ্দেশ্য মনে করে। অথচ নবী-রাসুলরা ও তাঁদের অনুসারীরা দুনিয়ার চাকচিক্যে নয়; বরং ঈমান, আমল, আল্লাহর সন্তুষ্টি এবং দ্বীনের প্রচার-প্রসারে নিজেদের নিয়োজিত রেখেছিলেন।

বর্তমান যুগে মানুষ দুনিয়ার সৌন্দর্য, খেল-তামাশা ও বিলাসিতার প্রতি বেশি আকৃষ্ট। কিন্তু ইসলাম আমাদের দুনিয়া বর্জনের শিক্ষা দেয় না; বরং দুনিয়াকে আখেরাতের প্রস্তুতির মাধ্যম হিসেবে গ্রহণ করতে শিক্ষা দেয়। তাই প্রয়োজনীয় দুনিয়াবি বিষয় গ্রহণের পাশাপাশি সাধ্যানুযায়ী সত্ আমল করা একজন মুমিনের দায়িত্ব।

ইবাদতের অর্থ কেবল নামাজ, রোজা বা হজ নয়; বরং দ্বিন পালনে সহায়ক প্রতিটি বৈধ কাজও ইবাদতের অন্তর্ভুক্ত। জীবনের সৌন্দর্য, সম্পদ, পদ-মর্যাদা কিংবা ভালোবাসা যদি আল্লাহ ও তাঁর রাসুল (সা.)-এর আনুগত্যের পথে বাধা হয়ে দাঁড়ায়, তবে একজন মুমিন নিজের প্রবৃত্তির চেয়ে আল্লাহ ও তাঁর রাসুল (সা.)-এর ভালোবাসাকে অগ্রাধিকার দিবে।

দুনিয়াবি প্রয়োজনের ওপর দ্বিনি প্রয়োজনকে প্রাধান্য দেওয়াই প্রকৃত ঈমানের পরিচয়। আল্লাহ তাআলা বলেন, ‘আর আল্লাহ তোমাকে যা দান করেছেন, তাতে তুমি আখেরাতের নিবাস অনুসন্ধান করো। তবে তুমি দুনিয়া থেকে তোমার অংশ ভুলে যেয়ো না। তোমার প্রতি আল্লাহ যেরূপ অনুগ্রহ করেছেন, তুমিও সেরূপ অনুগ্রহ করো। আর জমিনে ফ্যাসাদ করতে চেয়ো না। নিশ্চয়ই আল্লাহ ফাসাদকারীদের ভালোবাসেন না।’ (সুরা আল-কাসাস, আয়াত : ৭৭)

অন্য আয়াতে আল্লাহ তাআলা দুনিয়ার প্রকৃত স্বরূপ তুলে ধরে বলেন—‘তোমরা জেনে রাখ যে দুনিয়ার জীবন ক্রীড়া-কৌতুক, শোভা-সৌন্দর্য, পারস্পরিক গর্ব এবং ধন-সম্পদ ও সন্তান-সন্ততিতে আধিক্যের প্রতিযোগিতা মাত্রৃ আর দুনিয়ার জীবন তো ধোঁকার সামগ্রী ছাড়া আর কিছুই নয়।’ (সুরা আল-হাদিদ, আয়াত : ২০)

এরপর আল্লাহ তাআলা মানুষকে জান্নাত ও ক্ষমার দিকে প্রতিযোগিতায় অবতীর্ণ হওয়ার আহ্বান জানিয়েছেন।
আল্লাহ তাআলা আরো বলেন, ‘নিশ্চয়ই আমি পৃথিবীর ওপর যা কিছু আছে, তা তার জন্য শোভা করেছি, যাতে আমি পরীক্ষা করি—কর্মে তাদের মধ্যে কে উত্তম।’ (সুরা আল-কাহাফ, আয়াত : ৭)

অতএব, দুনিয়ার সৌন্দর্য মানুষকে বিভ্রান্ত করার জন্য নয়; বরং পরীক্ষা করার জন্য। সফল সেই ব্যক্তি, যে দুনিয়াকে আখেরাতের পাথেয় হিসেবে ব্যবহার করে এবং আল্লাহর সন্তুষ্টিকে জীবনের সর্বোচ্চ লক্ষ্য বানায়। আর ব্যর্থ সেই ব্যক্তি, যে ক্ষণস্থায়ী দুনিয়ার মোহে পড়ে চিরস্থায়ী আখেরাতকে ভুলে যায়। আল্লাহ তাআলা আমাদের দুনিয়ার মোহ থেকে হেফাজত করে ঈমান ও সত্ আমলের ওপর অবিচল থাকার তাওফিক দান করুন। আমিন।

লেখক : প্রভাষক (আরবি)

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD