রবিবার, ১৪ জুন ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন

হিজবুল্লাহ-সংশ্লিষ্ট ৯ ব্যক্তির ওপর মার্কিন নিষেধাজ্ঞা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২২ মে, ২০২৬

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে সংশ্লিষ্ট ৯ জন ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। তাদের বিরুদ্ধে অভিযোগ, তারা লেবাননে শান্তি প্রক্রিয়া বাধাগ্রস্ত করছে।

স্থানীয় সময় বৃহস্পতিবার (২১ মে) মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেন, ‘হিজবুল্লাহ একটি সন্ত্রাসী সংগঠন এবং এটিকে সম্পূর্ণভাবে নিরস্ত্র করতে হবে।’

তিনি আরও বলেন, ‘মার্কিন ট্রেজারি এমন কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে থাকবে যারা লেবাননের সরকারে অনুপ্রবেশ করে হিজবুল্লাহকে সহায়তা করছে এবং সহিংসতা ও অস্থিরতা ছড়াচ্ছে।’

ইরান-সমর্থিত হিজবুল্লাহ লেবাননে ব্যাপক প্রভাবশালী একটি গোষ্ঠী। তাদের একটি সশস্ত্র শাখা এবং একটি রাজনৈতিক শাখাও রয়েছে, এবং তাদের সংসদে নির্বাচিত সদস্যও আছে। গোষ্ঠীটি সম্প্রতি লেবানন ও ইসরাইলের মধ্যে সরাসরি শান্তি আলোচনার বিরোধিতা করেছে। যুক্তরাষ্ট্র ও তাদের মিত্র ইসরাইল হিজবুল্লাহকে সম্পূর্ণ নিরস্ত্র করার আহ্বান জানিয়েছে।

নিষেধাজ্ঞার তালিকায় রয়েছেন হিজবুল্লাহর কয়েকজন সংসদ সদস্য ও নেতা, পাশাপাশি এর রাজনৈতিক মিত্র আমাল আন্দোলনের কয়েকজন সদস্য এবং লেবাননের কিছু সামরিক কর্মকর্তা।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, তারা হিজবুল্লাহর আর্থিক নেটওয়ার্ক ধ্বংসে সহায়তাকারী তথ্যের জন্য সর্বোচ্চ ১ কোটি ডলার পুরস্কার ঘোষণা করেছে।

লেবাননের কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, চলমান সংঘাতে এখন পর্যন্ত দেশটিতে ২ হাজার ৯০০ জনের বেশি মানুষ নিহত হয়েছে। এদের মধ্যে যুদ্ধবিরতির চার শতাধিক মানুষের মৃত্যু হয়েছে যুদ্ধবিরতির পর।

গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ওয়াশিংটনে লেবানন ও ইসরাইলের মধ্যে তৃতীয় দফা আলোচনার পর যুদ্ধবিরতি আরও ৪৫ দিনের জন্য বাড়ানো হয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD