শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন

লেবাননে পূর্ণ যুদ্ধবিরতি চান ডোনাল্ড ট্রাম্প

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ জুন, ২০২৬

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লেবানন, হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে পূর্ণ যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, মধ্যপ্রাচ্যের সব পক্ষকে তাদের প্রতিশ্রুতি রক্ষা করতে হবে এবং চলমান আলোচনা সফল করতে হবে।

বৃহস্পতিবার ওয়াশিংটনে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ। তার দাবি, ইরানের সঙ্গে সমঝোতার অগ্রগতির কারণে বিশ্ববাজারে তেলের দাম কমছে এবং শেয়ারবাজারেও ইতিবাচক প্রভাব দেখা যাচ্ছে।

এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের স্বাক্ষরিত সমঝোতা স্মারকের ১৪ দফায় লেবাননের বিষয়টিও অন্তর্ভুক্ত করা হয়েছে। এতে লেবাননসহ সব ফ্রন্টে সামরিক কার্যক্রম বন্ধ করা এবং দেশটির সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষার কথা বলা হয়েছে।

তবে যুদ্ধবিরতির আহ্বানের মধ্যেও দক্ষিণ লেবাননে সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে ইসরায়েল। বৃহস্পতিবার দেশটির হামলায় কাফর তেবনিত ও জেবদিন এলাকায় অন্তত তিনজন নিহত হয়েছেন।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২ মার্চ থেকে শুরু হওয়া নতুন দফার সংঘর্ষে এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় তিন হাজার ৯১২ জন নিহত এবং ১১ হাজার ৮৭৩ জন আহত হয়েছেন।

এদিকে দক্ষিণ লেবাননে নিজেদের সামরিক উপস্থিতি আরও জোরদার করেছে ইসরায়েল। দেশটির সেনাবাহিনী সম্প্রতি একটি মানচিত্র প্রকাশ করেছে, যেখানে আগে ঘোষিত বাফার জোনের বাইরেও তাদের সেনাদের অবস্থান দেখানো হয়েছে। এর মধ্যে নাবাতিয়েহর আশপাশের এলাকাও রয়েছে।

অন্যদিকে, দক্ষিণ লেবাননে ইসরায়েলি সেনা মোতায়েন অব্যাহত রাখার বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চলছে বলে জানিয়েছে ইসরায়েলের কয়েকজন কর্মকর্তা। তবে এই আলোচনা সহজ হচ্ছে না বলেও তারা উল্লেখ করেছেন।

সূত্র : শাফাক নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD