শনিবার, ২০ জুন ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন

যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত, আহত ৮৯

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২০ জুন, ২০২৬

যুক্তরাজ্যের বেডফোর্ড এলাকায় দুটি যাত্রীবাহী ট্রেনের সংঘর্ষে এক ট্রেনচালক নিহত হয়েছেন এবং অন্তত ৮৯ জন আহত হয়েছেন। দুর্ঘটনার পর ব্রিটিশ ট্রান্সপোর্ট পুলিশ ঘটনাটিকে ‘মেজর ইনসিডেন্ট’ বা বড় ধরনের জরুরি পরিস্থিতি হিসেবে ঘোষণা করেছে। খবর বিবিসির।

জরুরি সেবা সংস্থা ইস্ট অফ ইংল্যান্ড অ্যাম্বুলেন্স সার্ভিস জানিয়েছে, আহতদের মধ্যে ১১ জনের অবস্থা অত্যন্ত গুরুতর, ২২ জন গুরুতর আহত এবং আরও ৫৬ জন সামান্য আহত হয়েছেন।

স্থানীয় সময় শুক্রবার বিকেলে সংঘটিত এ দুর্ঘটনায় ইস্ট মিডল্যান্ডস রেলওয়ের দুটি দক্ষিণমুখী ট্রেন জড়িত ছিল। উভয় ট্রেনই লন্ডনের লন্ডন সেন্ট প্যানক্রাস স্টেশনের দিকে যাচ্ছিল। দুর্ঘটনার কারণ এখনো তদন্তাধীন রয়েছে।

রেল শ্রমিক ইউনিয়ন ন্যাশনাল ইউনিয়ন অফ রেল, মেরিটাইম অ্যান্ড ট্রান্সপোর্ট ওয়ার্কার্সের সাধারণ সম্পাদক এডি ডেম্পসে বলেন, নিহত ট্রেনচালক ইউনিয়নের সাবেক প্রতিনিধি ছিলেন এবং তার মৃত্যুতে তারা গভীরভাবে শোকাহত।

পুলিশ জানায়, স্থানীয় সময় বিকেল ৫টা ১৫ মিনিটের দিকে সংঘর্ষের ঘটনা ঘটে। দুর্ঘটনায় বহু মানুষ আহত হয়েছেন এবং একজন নিহত হয়েছেন বলে নিশ্চিত করা হয়েছে।

ঘটনার পর লন্ডনের সেন্ট প্যানক্রাস স্টেশনে যাতায়াতকারী ইস্ট মিডল্যান্ডস রেলওয়ের সব সেবা শুক্রবার রাতের জন্য স্থগিত করা হয়। কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার পর্যন্তও রেল চলাচলে বিঘ্ন অব্যাহত থাকতে পারে।

দুর্ঘটনাকবলিত ট্রেনের এক যাত্রী জানান, তিনি সেই ট্রেনের সামনের বগিতে ছিলেন। হঠাৎ সংঘর্ষে তিনি হতবিহ্বল হয়ে পড়েন।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে। পরে বিস্তারিত জানানো হবে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD