স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যেকোনো মূল্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সফল করবে সরকার। সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সেই পরিকল্পনার মধ্যদিয়ে এ অঞ্চলের মানুষ, তিস্তা অববাহিকার মানুষ নতুন জীবন ফিরে পাবে।
শনিবার (৪ জুলাই) বিকেলে লালমনিরহাট এমটি হোসেন ইনস্টিটিউট মাঠে মাদকবিরোধী ও সামাজিক অপরাধ দমনে গঠিত ‘আলোকিত লালমনিরহাট’ সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, মাদক সমস্যা যদি আমরা দূর করতে পারি, সামাজিক অন্ধকারগুলো যদি দূর করতে পারি, তাহলে নিশ্চয় আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারব।
তিনি আরও বলেন, আমাদের তরুণ নেতা তারেক রহমানের নেতৃত্বে আমরা বিজয় ছিনিয়ে এনেছি। আমরা এমন একটা পরিবেশ পেয়েছি, যে পরিবেশে বাংলাদেশকে আবার নতুন করে গড়ে তুলতে একটা অবস্থা সৃষ্টি হয়েছে। আমরা সে লক্ষ্যে কাজ শুরু করেছি।
আলোকিত লালমনিরহাট গঠনে মাদকবিরোধী ও সামাজিক অপরাধ দমনের আন্দোলন সারা দেশে ছড়িয়ে যাবে উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেন, মাদকের কারণে যুবসমাজ পরাজিত হচ্ছে, আমাদের ভবিষ্যৎ নষ্ট হচ্ছে। আমাদেরকে অবশ্যই এর প্রতিরোধ গড়ে তুলতে হবে। এজন্য আমাদের কাজ করতে হবে। জনগণকে সঙ্গে নিয়ে জনগণের মধ্য থেকেই প্রতিরোধ গড়ে তুলতে হবে। যে কাজটি ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু তার এলাকায় শুরু করেছেন।
মন্ত্রী বলেন, তারেক রহমানের নেতৃত্বে দেশে আজকে অনন্য বিপ্লবের সূচনা হয়েছে। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খালখনন কর্মসূচি, ইমাম, মুয়াজ্জিন ও পুরোহিতদের ভাতা প্রদানসহ আরও অনেক কর্মসূচি শুরু হয়েছে। নারীদের ক্ষমতায়নসহ সব কিছুর মধ্যে দিয়ে আমরা একটা আধুনিক বাংলাদেশ গড়ে তুলতে চাই। তারেক রহমান শুধু প্রতিশ্রুতি দেন না, তিনি তা কার্যকর করার পদক্ষেপ নেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ‘আলোকিত লালমনিরহাট’ কমিটির প্রতিষ্ঠাতা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এবং সমাজকল্যাণমন্ত্রী জাহিদ হাসান।
বক্তব্য দেন লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল, লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য রাজীব প্রধান। পরে মাদকবিরোধী ও সামাজিক অপরাধ দমন শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ করে।