মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন

খামেনির শোকানুষ্ঠানে কোরআনের আয়াত শোনানোকে প্রোপাগান্ডা বলল ইসরাইল

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৬ জুলাই, ২০২৬

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজায় কুরআনের আয়াত শোনানোকে রাজনৈতিক প্রচারণা ও সামরিক ব্যবহারের প্রোপাগান্ডা উপস্থাপন বলে উল্লেখ করেছে ইসরাইলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরাইল।

প্রতিবেদনে বলা হয়েছে, ধর্মকে রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক লক্ষ্য অর্জনের জন্য ব্যবহার করা ইরানের শাসকগোষ্ঠীর জন্য নতুন কিছু নয়। কয়েক দশক ধরেই এটি তাদের সরকারি বক্তব্যের একটি বৈশিষ্ট্য। তবে এ ক্ষেত্রে বিশেষভাবে লক্ষণীয় হলো, কোরআনের নির্দিষ্ট আয়াত বেছে নিয়ে দাফরক্রিয়ায় অংশ নেওয়া প্রতিনিধিদলগুলোর উদ্দেশে রাজনৈতিক ও প্রতীকী বার্তা দেওয়ার চেষ্টা করা হয়েছে। লেখকের মতে, এটি দেখায় যে রাজনৈতিক প্রচারণা কীভাবে ধর্মীয় বক্তব্যের সঙ্গে মিশে গেছে।

প্রতিবেদনে লেখিকা ফাতেমা আল হারবি দাবি করেছেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দাফনকার্যক্রম ধর্মীয় ও রাজনৈতিক—উভয় উদ্দেশ্যেই ব্যবহার করা হবে, এমন প্রত্যাশা ছিল। অনুষ্ঠানটি দীর্ঘ সময় পিছিয়ে দেওয়ায় প্রতিটি বিষয় সুচিন্তিতভাবে পরিকল্পনা করার সুযোগ পেয়েছিল কর্তৃপক্ষ।

এই প্রেক্ষাপটে বিভিন্ন প্রতিনিধিদলকে স্বাগত জানানোর সময় যে কোরআনের আয়াত তিলাওয়াত করা হয়েছে, লেখকের মতে, তা কেবল আনুষ্ঠানিকতা ছিল না; বরং প্রতিটি অতিথির জন্য আলাদা রাজনৈতিক বার্তা বহন করছিল।

লেখকের ভাষ্য অনুযায়ী, হিজবুল্লাহ প্রতিনিধিদলকে স্বাগত জানাতে সূরা আল-মায়িদার ৫৬ নম্বর আয়াত তিলাওয়াত করা হয়, যেখানে বলা হয়েছে: “আর যারা আল্লাহ, তাঁর রাসুল এবং মুমিনদেরকে অভিভাবক হিসেবে গ্রহণ করে, তারাই আল্লাহর দল (হিজবুল্লাহ), আর আল্লাহর দলই বিজয়ী।” লেখকের মতে, এ আয়াত নির্বাচন করে হিজবুল্লাহ সংগঠনের নামের সঙ্গে কোরআনে ব্যবহৃত “হিজবুল্লাহ” শব্দবন্ধের সরাসরি সম্পর্ক স্থাপনের চেষ্টা করা হয়েছে, যাতে সংগঠনটিকে কেবল রাজনৈতিক বা সামরিক শক্তি নয়, বরং ঐশী বৈধতাপ্রাপ্ত একটি শক্তি হিসেবে উপস্থাপন করা যায়।

অন্যদিকে, হামাস প্রতিনিধিদলের জন্য সূরা আল-আহযাবের ২৩ নম্বর আয়াত তিলাওয়াত করা হয়: “মুমিনদের মধ্যে এমন লোক রয়েছে, যারা আল্লাহর সঙ্গে করা অঙ্গীকার পূরণ করেছে। তাদের কেউ জীবন দিয়ে সেই অঙ্গীকার রক্ষা করেছে, আর কেউ অপেক্ষা করছে। তারা কখনো তাদের অঙ্গীকার পরিবর্তন করেনি।” লেখকের মতে, এর মাধ্যমে হামাসকে ঈমান, আনুগত্য ও অবিচলতার প্রতীক হিসেবে তুলে ধরার চেষ্টা করা হয়েছে।

এছাড়া হুথি প্রতিনিধিদলের জন্য সূরা আল-ফাতহের ২৯ নম্বর আয়াত পাঠ করা হয়: “মুহাম্মদ আল্লাহর রাসুল, আর তাঁর সঙ্গে যারা রয়েছে তারা কাফিরদের বিরুদ্ধে কঠোর এবং নিজেদের মধ্যে পরস্পরের প্রতি দয়ালু।” লেখকের দাবি, এ আয়াতের মাধ্যমে হুথি আন্দোলনকে নবী মুহাম্মদ (সা.)–এর সাহাবিদের গুণাবলির সঙ্গে প্রতীকীভাবে যুক্ত করার চেষ্টা করা হয়েছে। তার মতে, এই প্রতীকী অর্থ আয়াতের স্বাভাবিক ব্যাখ্যা থেকে নয়, বরং যে রাজনৈতিক প্রেক্ষাপটে এটি ব্যবহার করা হয়েছে, সেখান থেকেই সৃষ্টি হয়েছে।

লেখকের মতে, এসব আয়াত ব্যবহারের উদ্দেশ্য ধর্মীয় নয়, বরং রাজনৈতিক। প্রতিটি আয়াত এমনভাবে নির্বাচন করা হয়েছে, যাতে সংশ্লিষ্ট সংগঠনকে ধর্মীয় প্রতীকী মর্যাদা দেওয়া যায় অথবা উপস্থিত অন্যান্য প্রতিনিধিদলের কাছে সূক্ষ্ম রাজনৈতিক বার্তা পৌঁছে দেওয়া যায়। তিনি এটিকে ইরানের রাজনৈতিক প্রচারণার আরেকটি দিক হিসেবে উল্লেখ করেছেন, যেখানে কোরআনকে রাজনৈতিক লক্ষ্য পূরণের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ধর্মীয় উগ্রবাদ অস্ত্র ধারণের মাধ্যমে শুরু হয় না; বরং শুরু হয় তখন, যখন কোনো গোষ্ঠী নিজেদের রাজনৈতিক আদর্শের আলোকে ধর্মীয় গ্রন্থের ব্যাখ্যার একচ্ছত্র অধিকার দাবি করে। এতে তাদের সমর্থকদের সত্যের অনুসারী এবং বিরোধীদের সেই পরিসরের বাইরে হিসেবে উপস্থাপন করা হয়। তার মতে, বিভিন্ন উগ্রপন্থী গোষ্ঠীর সবচেয়ে বড় বিপদ হলো তারা নিজেদের ইসলাম ধর্মের একমাত্র বৈধ প্রতিনিধি হিসেবে তুলে ধরতে চায়।

উল্লেখ্য, ইসরাইলের রাজনীতি সরাসরি ইহুদি ধর্মীয় বিশ্বাসের ওপর ভিত্তি করে প্রতিষ্ঠিত। ইহুদিদের প্রধান ধর্মগ্রন্থ তানাক (হিব্রু বাইবেল)-কে ইসরাইলের ডানপন্থী এবং জাতীয়তাবাদী রাজনৈতিক দলগুলো ফিলিস্তিন অঞ্চলে ইহুদিদের ভূ-রাজনৈতিক অধিকারের মূল দলিল হিসেবে ব্যবহার করে। এমনকি ইসরাইলে নাগরিকদের ব্যক্তিগত জীবনের অনেক বিষয় ধর্মনিরপেক্ষ আইনের পরিবর্তে সরাসরি ধর্মীয় আইন (হালখা) দ্বারা নিয়ন্ত্রিত হয়, যার মূল উৎস তোরাহ এবং তালমুদ। এছাড়াও ইসরাইলের রাজনীতিতে ‘হেরেদি’ বা অতি-অর্থোডক্স ধর্মীয় দলগুলো যেমন: শাস, ইউনাইটেড তোরাহ জুদাইজম অত্যন্ত শক্তিশালী। তারা তোরাহ-র নির্দেশকে রাষ্ট্রের যেকোনো আইনের চেয়ে উর্ধ্বে মনে করে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD