সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন

সময় টেলিভিশনের সাবেক এমডি আহমেদ জোবায়েরের জামিন নামঞ্জুর

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১২ জুলাই, ২০২৬

প্রতারণা, বিশ্বাসভঙ্গ ও জালিয়াতির অভিযোগে দায়ের করা এক মামলায় সময় টেলিভিশনের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আহমেদ জোবায়েরের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইসরাত জাহানের আদালত শুনানি শেষে এই আদেশ দেন।

শুনানিতে আসামিপক্ষ জামিনের আবেদন জানালে রাষ্ট্রপক্ষ এর তীব্র বিরোধিতা করে। উভয় পক্ষের যুক্তি উপস্থাপনের পর আদালত জামিন আবেদনটি খারিজ করে দেন। আহমেদ জোবায়েরের আইনজীবী ফরহাদ হোসাইন জানান, গত ১৮ জুন থেকে তিনি কারাগারে বন্দী রয়েছেন। মামলায় অন্য আসামিরা জামিনে থাকলেও কেবল জোবায়েরকেই কারাগারে রাখা হয়েছে।

উল্লেখ্য, সমনের নির্দেশ অমান্য করে আদালতে হাজির না হওয়ায় গত ১৭ জুন আহমেদ জোবায়েরসহ ছয় আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল। পরদিন ১৮ জুন তিনি আদালতে আত্মসমর্পণ করলে আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। তবে ওই দিনই মামলার অন্য তিন আসামির জামিন মঞ্জুর করা হয়।

গত ১০ মে সৈয়দ আসাদুজ্জামান নামের এক ব্যক্তি প্রতারণা, বিশ্বাসভঙ্গ ও কাগজপত্র জালিয়াতির অভিযোগে ঢাকার আদালতে এই মামলাটি করেন। প্রাথমিক শুনানি শেষে আদালত আসামিদের ১৭ জুনের মধ্যে হাজির হওয়ার জন্য সমন জারি করেছিলেন। নির্ধারিত সময়ে আসামিরা হাজির না হওয়ায় আদালত তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD