শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন

স্থানীয় সরকার নির্বাচনের জন্য ৬ হাজার কোটি টাকা বরাদ্দ: প্রতিমন্ত্রী

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

চলতি অর্থবছরের মধ্যেই স্থানীয় সরকারের সব নির্বাচন আয়োজন ও সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। এ জন্য চলতি অর্থবছরের বাজেটে ৬ হাজার কোটি টাকা সংরক্ষিত রাখা হয়েছে বলেও জানান তিনি।

শনিবার (২৯ আগস্ট) দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

মীর শাহে আলম বলেন, স্থানীয় পর্যায়ের নির্বাচনগুলো চলতি অর্থবছরের মধ্যেই শেষ করার লক্ষ্য রয়েছে। নির্বাচন আয়োজনের প্রয়োজনীয় ব্যয় নির্বাহে বাজেটে ৬ হাজার কোটি টাকা সংরক্ষণ করা হয়েছে।

তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার স্থানীয় সরকার ব্যবস্থা নিয়ে যে পাঁচটি অর্ডিন্যান্স জারি করেছিল, সেগুলো ইতোমধ্যে জাতীয় সংসদে আইন হিসেবে পাস হয়েছে। নতুন আইনের ফলে স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীকে প্রার্থী মনোনয়নের বিধান থাকছে না।

প্রতিমন্ত্রীর ভাষ্য, এবার স্থানীয় সরকার নির্বাচন হবে সাধারণ প্রতীকে এবং নির্দলীয়ভাবে। তবে রাজনৈতিক দলগুলো তাদের পছন্দের প্রার্থীদের দলীয়ভাবে সমর্থন দিতে পারবে।

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে জানিয়ে তিনি বলেন, নির্ধারিত সময়ে নির্বাচনগুলো সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় কার্যক্রম এগিয়ে নিতে বলা হয়েছে। বাজেটে রাখা অর্থ নির্বাচনী কার্যক্রম বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এর আগে নবগঠিত মোকামতলা উপজেলার নবনিযুক্ত নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ করেন মীর শাহে আলম। পরে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাতে অংশ নেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD