শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১২:১৯ অপরাহ্ন

হরমুজ প্রণালি পরিপূর্ণভাবে ইরানের নিয়ন্ত্রণে রয়েছে: আইআরজিসি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) নৌবাহিনী বলেছে, কৌশলগত হরমুজ প্রণালির ওপর তাদের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে। একই সঙ্গে আন্তর্জাতিক নৌযান চলাচলের জন্য গুরুত্বপূর্ণ এই জলপথ উন্মুক্ত রয়েছে বলে যুক্তরাষ্ট্রের দাবিকে সরাসরি মিথ্যা বলে প্রত্যাখ্যান করেছে তেহরান। খবর রয়টার্সের।

টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে বিপ্লবী গার্ড বাহিনী বলেছে, ইরানের সঙ্গে আগাম সমন্বয় ছাড়া কোনো জাহাজ হরমুজ প্রণালি দিয়ে চলাচল করতে পারবে না।

বিবৃতিতে বলা হয়, কৌশলগত হরমুজ প্রণালির ওপর ইসলামি প্রজাতন্ত্রের বাহিনীর নিয়ন্ত্রণ সম্পূর্ণ ও নিরঙ্কুশ। যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের জলপথটি উন্মুক্ত থাকার দাবি তেলের দাম নিয়ন্ত্রণ এবং যুদ্ধে নিজেদের পরাজয় আড়াল করার উদ্দেশ্যে করা হয়েছে বলেও অভিযোগ করেছে ইরান।

ইরানের নৌবাহিনী জানিয়েছে, যুক্তরাষ্ট্রের আগ্রাসন বন্ধ না হওয়া এবং প্রায় আড়াই মাস আগে হওয়া একটি কাঠামোগত চুক্তির প্রতিশ্রুতি পূরণ না হওয়া পর্যন্ত পরিস্থিতির কোনো পরিবর্তন হবে না। ওই চুক্তির মেয়াদ এরই মধ্যে শেষ হয়ে গেছে বলে জানানো হয়েছে।

তবে যুক্তরাষ্ট্রের দাবি সম্পূর্ণ ভিন্ন। মার্কিন সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ডের প্রধান ব্র্যাড কুপার বৃহস্পতিবার বলেছেন, সাম্প্রতিক মাসগুলোতে মার্কিন বাহিনী হরমুজ প্রণালির আন্তর্জাতিক নৌপথ থেকে মাইন সরিয়ে ফেলেছে এবং এখন এসব পথ দিয়ে জাহাজ চলাচল উন্মুক্ত রয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও এর আগে বলেছেন, হরমুজ প্রণালি পুরোপুরি উন্মুক্ত এবং এটি যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে রয়েছে।

তবে জলপথটির নিয়ন্ত্রণ নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের পরস্পরবিরোধী দাবির কোনোটিই স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্য পরিচালনা সংস্থার তথ্য অনুযায়ী, গত সাত দিনে প্রতিদিন গড়ে প্রায় ২৯টি পণ্যবাহী জাহাজ হরমুজ প্রণালি অতিক্রম করেছে। যুদ্ধ শুরুর আগে আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থার হিসাবে এই সংখ্যা ছিল প্রতিদিন প্রায় ১৩০টি।

তেল, গ্যাস ও সার রপ্তানির জন্য হরমুজ প্রণালি উপসাগরীয় দেশগুলোর অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ। ফলে ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান সংঘাতে জলপথটি বড় ধরনের উত্তেজনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে কয়েক মাস ধরে চলা সংঘাতের অচলাবস্থার মধ্যেই হরমুজ প্রণালি নিয়ে নতুন করে বিরোধ দেখা দেয়। ওয়াশিংটনের কাছ থেকে বিভিন্ন ছাড় আদায়ের দাবি জানিয়ে আসছে তেহরান। অন্যদিকে ট্রাম্প ইরানের নেতৃত্বের ওপর অর্থনৈতিক যুদ্ধের মাধ্যমে চাপ প্রয়োগের চেষ্টা করছেন।

সূত্র : রয়টার্স

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD