ইরানকে দমিয়ে রাখার জন্য নৌ অবরোধের পাশাপাশি একের পর এক নিষেধাজ্ঞা দিচ্ছে ট্রাম্প প্রশাসন। মধ্যপ্রাচ্যবিষয়ক বিশ্লেষক লুসিয়ানো জাকারার মতে, মধ্যস্থতাকারীদের অব্যাহত প্রচেষ্টা সত্ত্বেও ইরান ও যুক্তরাষ্ট্র কোনো পক্ষই আলোচনার টেবিলে ফিরতে আগ্রহী বলে মনে হচ্ছে না।
আল জাজিরাকে তিনি বলেন, ‘উভয় পক্ষই বলছে যে আক্রান্ত হলে তারা পাল্টা ব্যবস্থা নেওয়া থেকে বিরত থাকবে না। ফলে আমরা এমন এক ‘পাল্টাপাল্টি’ পরিস্থিতির মধ্যে আটকে পড়েছি, যার কোনো শেষ দেখা যাচ্ছে না।’
জাকারা উল্লেখ করেন, পরিস্থিতি শান্ত বা শিথিল করতে পারে এমন পদক্ষেপ নিয়ে আলোচনার টেবিলে বসে নতুন করে চিন্তাভাবনা করতে উভয় পক্ষই অনিচ্ছুক।
তিনি আরো বলেন, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প যা অর্জন করতে চাইছেন, তার জন্য ইরানের ওপর কঠোর নিষেধাজ্ঞা ও নৌ অবরোধ যথেষ্ট বলে মনে হচ্ছে না।
জাকারার মতে, যুক্তরাষ্ট্র আশা করছে যে এই অর্থনৈতিক শাস্তিমূলক ব্যবস্থা ইরানের অর্থনীতিকে ‘শ্বাসরুদ্ধ’ করে ফেলবে; পাশাপাশি জাহাজ ও তেল স্থাপনায় সরাসরি হামলা চালানোকেও চাপের আরেকটি কৌশল হিসেবে দেখা হচ্ছে।