চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে জাঁকজমকপূর্ণ সামরিক আয়োজনের মধ্য দিয়ে হোয়াইট হাউসে স্বাগত জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
রোজ গার্ডেনে আয়োজিত প্রায় ১৫ মিনিটের সামরিক কুচকাওয়াজে ট্রাম্প ও শি জিনপিং পাশাপাশি দাঁড়িয়ে মার্কিন মেরিন কোরের ব্যান্ডের পরিবেশনা, সাইলেন্ট ড্রিল প্ল্যাটুনের প্রদর্শনী এবং মার্চিং ব্যান্ডের আনুষ্ঠানিকতা উপভোগ করেন।
অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও তার স্ত্রী ঊষা ভ্যান্স, ট্রাম্পের কন্যা ইভানকা ট্রাম্পসহ দেশটির কয়েকজন শীর্ষ কর্মকর্তা উপস্থিত ছিলেন।
শি জিনপিংয়ের সফর উপলক্ষে ওভাল অফিসের প্রবেশপথের ওপর যুক্তরাষ্ট্র ও চীনের জাতীয় পতাকা টানানো হয়। সামরিক পর্যালোচনা শেষে হোয়াইট হাউসের ওপর দিয়ে একটি সামরিক বিমান ফ্লাইওভারও পরিচালনা করা হয়।
কুচকাওয়াজ ও বিমান প্রদর্শনী শেষ হওয়ার পর ট্রাম্প ও শি জিনপিং নিজ নিজ প্রতিনিধিদলকে সঙ্গে নিয়ে দ্বিপক্ষীয় বৈঠকের জন্য ওভাল অফিসে প্রবেশ করেন।
এদিকে, ওয়াশিংটন সফরে শি জিনপিং হোয়াইট হাউসের অতিথি ভবন হিসেবে পরিচিত ব্লেয়ার হাউসে অবস্থান করছেন না বলে জানিয়েছে হোয়াইট হাউস। সিএনএনকে এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তিনি বর্তমানে কোথায় অবস্থান করছেন, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।
সাধারণত ওয়াশিংটন সফরকালে রাষ্ট্রপ্রধানদের জন্য ব্লেয়ার হাউস ব্যবহার করা হয়। সাম্প্রতিক সময়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী মিচেল মার্টিনও সফরের সময় সেখানে অবস্থান করেছিলেন।
সূত্র: সিএনএন