আসন্ন দুর্গাপূজায় টলিউডে শুরু হতে চলেছে মেগা যুদ্ধ। কলকাতার বহুল চর্চিত ও জনপ্রিয় জুটি দেব ও শুভশ্রীর সিনেমা ‘দেশু ৭’ পর্দায় আসবে ১৬ অক্টোবর। আর ঠিক তার আগেই বিস্ফোরক অভিযোগ তুললেন সুপারস্টার দেব। দেবের দাবি, ইউটিউবার ও সমালোচকদের নাকি টাকার বিনিময়ে পরিকল্পিতভাবে ছবিটির ‘নেগেটিভ রিভিউ’ দেওয়ার প্রস্তাব দেওয়া হচ্ছে।
দীর্ঘ ১২ বছর পর পর্দায় ফিরেছেন দেব ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়। ব্যক্তিগত জীবনের নানা আলোচনা থাকা সত্ত্বেও তাদের নিয়ে দর্শকের আগ্রহ ব্যাপক। এই জুটির কামব্যাক ঘিরে ভক্তদের উন্মাদনা যখন তুঙ্গে, ঠিক তখনই এই পেড-নেগেটিভিটির চক্রের কথা প্রকাশ্যে আসায় তোলপাড় শুরু হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।
নিজের ক্ষোভ উগড়ে দিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি দীর্ঘ পোস্ট শেয়ার করেছেন দেব। তিনি স্পষ্ট ভাষায় জানান, সমালোচনা সিনেমারই একটি স্বাভাবিক অংশ এবং তিনি দর্শকের স্বাধীন মতামতকে সর্বদা সম্মান করেন। কিন্তু টাকার বিনিময়ে আগে থেকে লিখে দেওয়া চিত্রনাট্য অনুযায়ী উদ্দেশ্যপ্রণোদিতভাবে নেগেটিভিটি ছড়ানোকে কিছুতেই মেনে নেওয়া যায় না।
দেব লিখেছেন, “আগামীকাল ‘দেশু ৭’-এর ট্রেলার দেখুন। ভালো লাগলে ভালো বলুন, খারাপ লাগলে সমালোচনা করুন—কিন্তু মতামতটা যেন আপনার নিজের হয়। কারণ শেষ কথা সবসময় দর্শকই বলে।”
এবারের পূজার দেব-শুভশ্রীর ‘দেশু ৭’-কে বক্স অফিসে বেশ কঠিন প্রতিযোগিতার মুখোমুখি হতে হচ্ছে। একই সময়ে মুক্তি পাচ্ছে সৃজিত মুখোপাধ্যায়ের ‘এম্পারার ভার্সেস শরৎচন্দ্র’, শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’। এই তুমুল প্রতিযোগিতার বাজারে প্রতিপক্ষের অসাধু চক্র এমন চক্রান্ত করছে কি না, তা নিয়ে এখন সরগরম টলিউডপাড়া।
ট্রেলার প্রকাশ্যে আসার পর থেকেই দর্শকদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। এখন দেখার, সমস্ত ষড়যন্ত্রের জাল কাটিয়ে বক্স অফিসে কতটা ঝড় তুলতে পারে দেব-শুভশ্রীর এই কামব্যাক ছবি।
সূত্র: এইসময় অনলাইন